‘বাংলা গান যে মানুষ শোনে এটাই তার প্রমাণ’
অন্তর্জালে জনপ্রিয়তায় রেকর্ড করলো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ।
অন্তর্জালকেন্দ্রিক হয়ে পড়েছে বাংলাদেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। সিডি আকারে অ্যালবামের চাইতে জনপ্রিয় অন্তর্জাল মাধ্যম ইউটিউবে গান মুক্তি দিয়েই শ্রোতাদের আকৃষ্ট করতে পারছেন সংগীত প্রযোজক ও শিল্পীরা।
সেই ইউটিউবে এই প্রথম ১০ লাখ সাবসক্রাইবারের মাইলফলক স্পর্শ করলো অডিও-ভিডিও-নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
জানা যায়, ১০ লাখ সাবসক্রাইবারের স্বীকৃতি হিসেবে কিছুদিনের মধ্যে ইউটিউবের প্রধান কার্যালয় থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ দেওয়া হবে সিডি চয়েসকে। এখন পর্যন্ত চ্যানেলটির কন্টেইন্ট মোট ভিউয়ার পেয়েছে ৪৩ কোটি ৫০ লাখের বেশি।
এরমধ্যে কোটি ভিউয়ার পেরিয়েছে তাহসানের গাওয়া গান ‘কেউ না জানুক’ এবং তানজীব সারোয়ারের ‘মিথ্যা শিখালি’। অডিও-ভিডিও-নাটক-চলচ্চিত্র মিলিয়ে চ্যানেলটিতে মোট ১২০০ কন্টেইন্ট রয়েছে।
২০১৪ সালের অক্টোবর মাসে অন্তর্জালে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়। ২০১৫ সালে সাবসক্রাইবার ছিল মাত্র ২৫০০। ২০১৬ সালের জানুয়ারি থেকে নতুন পরিকল্পনা নিয়ে নামে সিডি চয়েজ।
প্রতিষ্ঠানটির কর্ণধার সোহেল বলেন, “নতুন পরিকল্পনায় প্রকাশ করতে থাকি দেশসেরা, জনপ্রিয় শিল্পীদের অডিও-ভিডিও গান, নাটক ও সিনেমা। যার ফলশ্রুতিতে চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা এমন রেকর্ডের অংশীদার হতে পেরেছি।
একটি প্রতিষ্ঠানের জন্য এটা কত বড় আনন্দের খবর তা বলে বোঝাতে পারব না। বাংলা গান যে মানুষ শোনে, বাংলা গান, নাটক ও সিনেমা যে ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এটাই তার প্রমাণ।
বিভিন্নভাবে যারা আমাদের এই প্রক্রিয়ায় সাহায্য করেছেন, পাশে থেকেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
প্রসঙ্গত, ‘সিডি চয়েস ড্রামা’ এবং ‘সিডি চয়েস মুভি ধামাকা’ নামে আরো দুটি চ্যানেল রয়েছে সিডি চয়েসের।
এরমধ্যে ‘সিডি চয়েস ড্রামা’র বর্তমান সাবসক্রাইবার ৭ লাখ ৩৫ হাজারের বেশি। নাটকের মধ্যে কোটি ভিউয়ার পেয়েছে আলোচিত নাটক ‘বড় ছেলে’। এজন্য বেশ আলোচিতও হয় সিডি চয়েস। অন্যদিকে, ‘সিডি চয়েস মুভি ধামাকা’র সাবসক্রাইবার ২ লাখ ৭০ হাজারের বেশি।
