২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিচেনার আবেদন অ্যালেন শুভ্র'র

এক নাট্য পরিচালককে শারীরিকভাবে আঘাত করায় তিন মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ছোটপর্দার অভিনেতা অ্যালেন শুভ্র। সিদ্ধান্তটি ‘পুনর্বিবেচনা'র আবেদন জানিয়ে সংশ্লিষ্ট তিন সংগঠনের কাছে চিঠি পাঠালেন এ অভিনেতা।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 07:14 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

সোমবার সন্ধ্যায় তিনি গ্লিটজকে জানান, সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য রোববার বিকেলে তিনটি সংগঠন বরাবর আবেদনপত্র পাঠিয়েছেন তিনি।

সঙ্গে যোগ করলেন, “এখন ওনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।”

চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

তবে অ্যালেন শুভ্র’র কোনো স্বাক্ষর না থাকায় চিঠিটি আমলে নেওয়া যায়নি বলেন জানান তিনি।

“খামের উপরে অ্যালেন শুভ্র’র নাম দেখেছি। তবে ভেতরে আবেদনের নিচে কোনো স্বাক্ষর না থাকায় চিঠিটি অফিশিয়ালভাবে স্বীকৃতি পাবে না।

ফলে স্বাক্ষরসহ আবারও পাঠাতে হবে।”-বললেন এ নির্মাতা।

বিষয়টি অ্যালেন শুভ্রকে অবহিত করলে তিনি গ্লিটজকে জানান, তিনি শিগগিরই স্বাক্ষরসহ আবারও চিঠিটি পাঠাবেন।

Image
পরিচালক নিয়াজ মাহবুব (ফেইসবুক থেকে নেওয়া)

পরিচালক নিয়াজ মাহবুব (ফেইসবুক থেকে নেওয়া)

গত বুধবার নাট্য পরিচালক নিয়াজ মাহবুবের অভিযোগের ভিত্তিতে টেলিভিশন নাটকের তিন সংগঠন-‘ডিরেক্টরস গিল্ড’,‘অভিনয়শিল্পী সংঘ’ ও ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এ অভিনেতাকে তিন মাসের জন্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি আগামী ১০ মে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নিয়াজ মাহবুবের অভিযোগ ছিল, চলতি বছরের ২০ জানুয়ারি রাতে এ অভিনেতা তাকে শারীরিকভাবে আঘাত করেন।

অভিযোগ স্বীকার করায় এ অভিনেতার উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করে সংগঠনগুলো।

নিষিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি বলে জানান অ্যালেন শুভ্র।

গত শনিবার গ্লিটজকে বলেছিলেন, “সিদ্ধান্তটি ন্যায়সঙ্গত হয়নি।.. আমি আপিল করতে চাই। জানি না, মেনে নেবে কিনা। কিন্তু আমাকে কাজ তো করতে হবে। আমি তো অভিনয় ছাড়া আর কিছু করি না।”

পুনর্বিবেচনার বিষয়ে কী ভাবছে সংগঠনগুলো?

এস এ হক অলিক বলেন, “তিন সংগঠনের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলাপ করব। তারপর বলতে পারবো আমাদের সিদ্ধান্ত।”

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ডিসেম্বরে। বরিশালে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘গুরাগুরা’ শিরোনামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অ্যালেন শুভ্র।

কিন্তু তিনি শুটিং শেষ না করেই ঢাকায় চলে আসেন বলে অভিযোগ করেন পরিচালক।

অ্যালেন শুভ্র জানান, পরদিন ঢাকায় তার আরেকটি নাটকের শুটিং ছিল বলে অতিরিক্ত আরেকটি দিন বরিশালে শুটিং করা সম্ভব ছিল না। সেকারণেই তিনি ফিরে আসেন ঢাকায়।

পরে ঢাকায় শুটিং করতে গিয়ে নাটকের প্রযোজককে বাড়তি টাকা গুনতে হয় বলে জানান পরিচালক। ফলে শুটিং শেষ হওয়ার এক বছর অতিক্রান্ত হওয়ার পরও অ্যালেন শুভ্রকে পারিশ্রমিক দেওয়া হয়নি।

পারিশ্রমিককে কেন্দ্র করেই দূরত্ব বাড়তে থাকে অভিনেতা-নির্মাতার। তার জেরেই পরিচালককে শারীরিকভাবে আঘাত করেন এ অভিনেতা।