২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরী মনিকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন নির্মলেন্দু গুণ

চিত্রনায়িকা পরী মনি অভিনীত মুক্তিআসন্ন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্রটির জন্য শুভকামনা জানালেন দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 09:40 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

চিত্রনায়িকা পরী মনিকে কবি তুলনা করলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা সুচিত্রা সেনের সঙ্গে। ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলচ্চিত্রটির বেশকিছু ছবি শেয়ার করে পরীমনির জন্য এক শুভেচ্ছাবার্তা লেখেন কবি নির্মলেন্দু গুণ।

তিনি লিখেছেন, “বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ আাগামী ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আমি এই ছবিটির কিছু ট্রেইলার বিভিন্ন টিভি চ্যানলের ছোট পর্দায় দেখেছি।

পরীমনি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’-এ।”

নায়িকার প্রশংসায় কবি নির্মলেন্দু গুণ আরও লেখেন, “ওর সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন। সৌন্দর্যের একটা সুষম বিকাশ আছে ওর দেহাবয়বে। আমার ইচ্ছে আছে, সিনেমা হলে গিয়ে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পরী মনির এই ছবিটি বড়পর্দায় দেখার।”

পরী মনিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “তুমি আমাদের সুচিত্রা সেন। তোমার ‘স্বপ্নজাল’ আমাদের সকলের হৃদয় জয় করুক- এই প্রার্থনা করি।”

চিত্রনায়িকা পরী মনি অভিনীত অন্যতম সেরা চলচ্চিত্র বলে মনে করা হচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্রটিকে। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা দেয়ার পাশাপাশি গুণ জানালেন তার প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জের আজীবন সদস্য এ নায়িকা।

নেত্রকোণার শহরতলী মালনীতে মগরা নদী তীরে ‘কবিতাকুঞ্জ’ নামের এ প্রতিষ্ঠানটি সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশেও কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা চাঁদা দিয়ে আলোচনায় আসেন পরী মনি।