জোভান-মারজুক-তিশার ‘জোর জব্বর’
নির্মিত হলো ঈদ নাটক ‘জোর জব্বর’। মারজুক রাসেল ও তাসনুভা তিশার বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ জোভান।
সম্প্রতি রাজধানীর পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকে নাম চরিত্রে অভিনয় করেছেন জোভান। চরিত্রটির নাম আবদুল জব্বার। সব কিছুতেই সে জোর খাটায়, এ কারণে এলাকায় সবাই তাকে পেছনে ‘জোর জব্বর’ বলে ডাকে।
পৈত্রিকসূত্রে পাওয়া একটা ইঞ্জিন বিহীন গাড়ি নিয়ে তার বড়াই। গাড়িটিকে রঙ করে নতুন গাড়ির মত করে সাজিয়ে রাখে সে। গাড়ির নাম পঙ্খীরাজ। দুই সাগরেদ মানিক ও ইকোকে নিয়ে ঠেলে ঠেলে চলে তার গাড়ি।
এমনি এক মজার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জোর জব্বর’।
নাটকটি প্রসঙ্গে জোভান গ্লিটজকে বলেন, “খুব মজার একটি নাটক। মারজুক ভাইয়ের সঙ্গে কাজ করা আনন্দের। আগেও কাজ করেছি। কাজটা খুব উপভোগ করেছি। আসছে ঈদ উপলক্ষে বেশকিছু কাজ করছি। এ নাটকটি তারই একটি।”
ইনসাইট ক্রিয়েশনের ব্যানারে সৌরভ সাফওয়ানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান ও সৌরভ সাফওয়ান। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন- রেজাউল আমিন সুজন, মাসুম, বিটলু শামীম ও আরো অনেকেই।
আসছে ঈদে যে কোনো বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি ।
