মিশরে ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ
আগামী ১ এপ্রিল থেকে মিশরে শুরু হতে যাচ্ছে ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল। পৃথিবীর ১১টি দেশের মোট ১৪ জন নাট্যনিদের্শক এই ফ্যাস্টিভালে অংশ নেবেন। সম্মানজনক এ উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছেন ইসরাফিল শাহীন।
মিশরের সবচেয়ে ঐতিহাসিক শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহনকারী অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স, ইরাক, কানাডা, জার্মানি ও লেবানন।
উৎসবে ‘বীচ থিয়েটার’ থার্ড এডিশন পর্বে সমুদ্র সৈকতে উম্মুক্ত স্থানে সপ্তাহব্যাপী কর্মশালা ও সেমিনার পরিচালনা করবেন ড. ইসরাফিল শাহীন।
এই কর্মশালায় ১১টি দেশের মোট ১৪ জন নাট্যনিদের্শক ছাড়াও সারা দুনিয়া থেকে আগত কয়েকশত নাট্যকর্মী ও নাট্যশিক্ষার্থীরা অংশ নেবে।
উৎসবে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “এটি প্রথাগত কোনো থিয়েটার নয় বরং একটি নতুন ধারণা।
কিছুদিন আগে কক্সবাজারের বীচ থিয়েটার নিয়ে আমার সাথে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক ও নির্দেশক ড. ডেরেক গোল্ডম্যান।
শার্ম আল শেখ শহরের এই কর্মশালায় ও সেমিনারে আমি দেশের বীচ থিয়েটার করার অভিজ্ঞতা যেমন ব্যক্ত করবো তেমনি ওখান থেকে অর্জিত বিভিন্ন বিষয় দেশে এসে বীচ থিয়েটারে প্রয়োগ করবো।
অমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সমুদ্র তীরবর্তী সৈকতগুলোতে পর্যটনের যে অপার সম্ভবনা আছে তাকে আরও নান্দনিক করতে ।
সেখানে আগত বিভিন্ন দেশের নানান শ্রেণি পেশার মানুষকে বীচ থিয়েটারের মাধ্যমে আনন্দিত-নস্টালজিক করার পাশপাশি দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরা। ”
বাংলাদেশে বীচ থিয়েটার পসারের লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন ড. শাহীন।
তিনি বলেন, “ইতিমধ্যেই দেশের পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের সাথে এ বিষয়ে প্রাথমিক কথা হয়েছে।
আশা করছি বীচ থিয়েটারের মাধ্যমে দেশের পর্যটন শিল্প দেশ-বিদেশের ট্যুরিস্টদের কাছে আরও বেশি সমাদৃত হবে এবং রাষ্ট্র অনেক বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে।”
