২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা আন্দোলন নিয়ে তৌকীরের চলচ্চিত্র

১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে ‘ফাগুন হাওয়া’ নামে নতুন চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 09:38 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

নির্মাতা জানান, ইতিমধ্যে ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। শ্যুটিংয়ের জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। ৭ মার্চ থেকে খুলনায় শুরু হবে ছবির শ্যুটিং। প্রথম দফায় ২১ দিন শ্যুটিং হবে।

টিটো রহমানের ছোটগল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

এতে গ্রামের একজন প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন-২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম লিখিয়েছেন ‘দহন’ নামে আরেকটি চলচ্চিত্রে।

সিয়াম ছাড়াও ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেমসহ এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ হয়েছেন এ চলচ্চিত্রে।

এটি তৌকীর আহমেদ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। এর আগে তিনি ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ও ‘হালদা’ নামে পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার বেশিরভাগ চলচ্চিত্রই প্রশংসিত হয়েছে দর্শকমহলে। পুরস্কৃতও হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।