মিনারের সুরে গাইলেন মাহাদী
আসিফ ইকবালের লেখা ও মিনার রহমানের সুরে ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী মাহাদী।
গানটির সংগীতায়োজনে ইফতেখারুল আনাম। গানের ভিডিও প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
গানটির প্রসঙ্গে মিনার বলেন, “অন্যদের জন্য খুব কম গানই সুর করি আমি। মাহাদীর কণ্ঠটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। তার কণ্ঠের সঙ্গে মিল রেখেই সুরটি করেছি।
আসিফ ইকবাল ভাই চমৎকার লিখেছেন। সংগীতায়োজনেও নতুনত্ব রয়েছে। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।”
মাহাদী বলেন, “মিনারের গান আমার অনেক পছন্দের। তার সুরের মধ্যেও ইউনিক একটা ব্যাপার আছে। এই গানেও সে সেটা বজায় রাখার চেষ্টা করেছে।
অনেকদিন পর গানটি গাইতে গিয়ে আমারও খুব ভালো লেগেছে। আশাকরি আমার ভক্ত-শ্রোতারা গানটি ভালোভাবেই গ্রহণ করবে।”
শিহাব শাহীনের পরিচালনায় ‘বাস স্টপ’ নাটকেও গানটির ব্যবহার হয়েছে। এর ভিডিওতে অভিনয় করেছেন অপূর্ব, মম ও সাজু খাদেম।
