অপূর্ব-মেহজাবিনের ‘টুকরো প্রেমের টান’
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে সেজান নূরের রচনা ও বি ইউ শুভর পরিচালনায় বিশেষ নাটক ‘টুকরো প্রেমের টান’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরৗ ও অপূর্ব।
মৌমিতার দু’চোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে। একটু ফুসরত পেলেই প্রিয়বন্ধু রাহাতকে গান শোনায় সে। মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক এটা কিছুতেই মেনে নিতে পারে না রাহাত। সে মৌমিতাকে ভালোবাসে। রাহাত ভাবে, মৌমিতা যদি সেলিব্রেটি হয়ে যায়, তবে সে তাকে ভুলে যেতে পারে।
ঘটনাক্রমে সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। পরিচয়ের সূত্রে রাহাতকে তার ভিজিটিং কার্ড দেয় ইরফান। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে জোর করে রাহাতের মানিব্যাগ নেয় মৌমিতা এবং সেখানে শিল্পী ইরফানের ভিজিটিং কার্ড খুজে পায়। এরপর ইরফানের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য রাহাতকে চাপ দিতে থাকে। একদিন বাধ্য হয়ে মৌমিতাকে নিয়ে সে ইরফানের কাছে যায়। ইরফান মৌমিতার গান শুনে মুগ্ধ হয় এবং এরপর থেকে প্রতিনিয়ত ইরফানের স্টুডিওতে সময় দিতে থাকে মৌমিতা। ইরফানের সাথে মৌমিতার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক তৈরি হয়। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
নাটকটি নিয়ে অপূর্ব বলেন, “নাটকের গল্পটা দারুণ। বেশ উৎসাহ নিয়েই কাজটা করেছি। দর্শকরা একটু ভিন্নধর্মী চরিত্রে দেখবে আমাকে। আশাকরি ভালোই লাগবে।”
নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার রাত ৯টায় প্রচার হবে।
