২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবরার টিপু’র ‘এলো মেলো’

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী ইবরার টিপু’র সিঙ্গল ট্র্যাক ‘এলো মেলো’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 07:12 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

‘তোর মাঝে স্বপ্ন খুঁজে যাই/ তোর মাঝে বিচরন/ তোকে নিয়ে এই শহরে / কত মায়ার আলোড়ন,’ এমন কথায় ‘এলো মেলো’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন ইবরার টিপু।

জিয়া উদ্দিন আলমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সংগীত পরিচালক ইবরার টিপু বর্তমানে বেশকিছু অ্যালবাম ও চলচ্চিত্রের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। স্টেজ শোতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি।

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিসম্ভাব্য গানটি প্রসঙ্গে ইবরার টিপু বলেন, “ ‘এলো মেলো’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আশা করি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।”

গানটি প্রসঙ্গে জিয়া উদ্দিন আলম বলেন, “২০১৪ আমার কথায় প্রথম গান করেন টিপু ভাই। ‘এলো মেলো’ আমার অনেক প্রিয় একটি গান ।

টিপু ভাইয়ের মত মিউজিক কম্পোজারের গান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি । অসাধারন গেয়েছেন টিপু ভাই।

গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি মুশফিক লিটু ভাই গানটির দারুণ সংগীতায়োজন করেছেন।”

জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে আগামী পহেলা বৈশাখে মুক্তি পাবে গানটির মিউজিক ভিডিও। এছাড়াও বাংলালিংক বিএল ভাইব ও জিপি মিউজিকে বৃহস্পতিবার থেকেই গানটি শোনা যাচ্ছে।