২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপনের চলচ্চিত্রে প্রসেনজিৎ

নব্বই দশকে বিশ্বজুড়ে হার্ড রক গান নিয়ে দর্শক উন্মাদনার গল্প এবার বড়পর্দায় আনছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন। এতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 08:44 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন দীপঙ্কর দীপন। চলচ্চিত্রের নাম এখনও নির্ধারণ করা হয়নি। তবে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ। মূল গল্প দীপঙ্কর দীপনের। চিত্রনাট্য যৌথভাবে করেছেন নির্মাতা ও অর্ক মোস্তাফা।

নির্মাতা বলেন, “আমাদের গল্পটা শুনে বুম্বাদা পছন্দ করেছেন। বলেছেন, ‘অনেকদিন পর কোনো ভালো গল্প পেলাম।’ কাজটা করতে উনি রাজি হয়েছেন। তবে এখনও সাইনিং বাকি আছে।”

ইতিমধ্যে এ নির্মাতার ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের বার্তাটা প্রসেনজিতের কানেও পৌঁছেছে।

দীপঙ্কর দীপন বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে খুব ভালো ধারণা রাখেন বুম্বাদা। ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের কথা শুনেছেন।”

সিনেমার গল্প সম্বন্ধে নির্মাতা জানান, নব্বইয়ের দশকের হার্ড রকের জার্নি নিয়ে চলচ্চিত্রের গল্পটা আবর্তিত হয়েছে।

তিনি বলেন, “দেশের বাইরে লিংকিন পার্ক আর দেশে আজম খান, জেমস, আইয়ুব বাচ্চুর মতো শিল্পীকে ঘিরে উন্মাদনা ছিল দর্শকদের মাঝে। সেই বিষয়গুলোই উঠে এসেছে সিনেমায়।

চলচ্চিত্রের প্রধান চরিত্র হার্ড রকের একনিষ্ঠ ভক্ত। আর বাংলাদেশের রক যে কোনও দেশের চেয়ে অনেক এগিয়ে আছে বলে আমি মনে করি।”

প্রসেনজিতের পাশাপাশি ছবির এক চরিত্রে অভিনেত্রী পরীমনিকেও ভেবেছেন নির্মাতা। আশা করছেন, শিগগিরই চুক্তিবদ্ধ হবেন তিনি।

ছবিটি প্রযোজনা করছে মেইন স্কয়ার কর্পোরেশন ও থ্রি হুইলস লি.। যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের আগ্রহের কথা জানিয়েছেন নির্মাতা।

তিনি বলেন, “নীতিমালায় আওতায় ছবিটি অনুমোদন পেলে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান যোগ হবে ছবির সঙ্গে।

ছবি: দীপনের ফেইসবুক থেকে নেওয়া।