মঞ্চে ফের রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’
প্রাঙ্গণেমোর নাট্যদলের ৬ষ্ঠ প্রযোজনা ‘শেষের কবিতা’ মঞ্চে আসছে ৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘শেষের কবিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশক নূনা আফরোজ।
রবীন্দ্রনাথের বহুল পঠিত উপন্যাস, টিভি নাটকও কম হয়নি। মঞ্চে তবু কেমন গ্রহণ করছেন নাটকটি?
নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ বললেন, “সাধারনত জনপ্রিয় কোনো উপন্যাস থেকে নাটক করায় একটা রিস্ক থেকে যায়। কারণ যে পাঠক দর্শক হয়ে আসে তাকে স্যাটিসফাইড করা খুব কঠিন। পাঠক পড়ে কল্পনায় অনেক ডানা মেলতে পারে কিন্তু কয়েক ফিটের মঞ্চে তার কল্পনা অনেক ক্ষেত্রেই হোঁচট খায়।
আমদের সৌভাগ্য দর্শক এই নাটকটি দারুন উপভোগ করেন। শুধু তাই নয়, নাটকটির প্রথম প্রদর্শনী দেখতে এসেছিলেন সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভাস চক্রবর্তী সহ অনেক গুনীজন এবং তারা নাটকের ভূয়সী প্রশংসা করেছেন।”
২০১১ এর ২৬ অগাস্ট কলকাতার মধুসূদন মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শন হয় । ৬ ফেব্রুয়ারি ৩১ তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে এটির।
‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতালী হালদার, কারিমা, জাহিদ, ঊষা, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, বাধন, টুসি।
