২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে কলকাতার কনসার্টে জেমস

ভালোবাসা দিবসে বাংলাদেশে নয় জেমস গাইবেন কলকাতায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 08:44 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

ভালোবাসা দিবস-এর বিশেষ কনসার্ট মানেই জেমস এর উপস্থিতি। বিগত বছরগুলোতে বাংলাদেশেই কনসার্ট করেছেন তিনি। তবে এবার আর বাংলাদেশে নয়, কলকাতায় গাইবেন জেমস।

‘গান পিরীতি’ শীর্ষক এ কনসার্টে জেমসের সঙ্গে বাংলাদেশ থেকে আরও গাইবেন সংগীতশিল্পী ঐশী।

কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে কলকাতার নজরুল মঞ্চের এ কনসার্টে গাইবেন জেমস। তার সঙ্গে মঞ্চে গাইবেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলস ও সংগীতশিল্পী অনুপম রায়, সাহানা বাজপেয়ী, ইমন চক্রবর্তী সহ আরও অনেকে।

জেমসের ম্যানেজার ও গীতিকার রবিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করে গ্লিটজকে বলেন, “এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে শুধু কলকাতায় গাইবেন জেমস। এর আগে পরে অন্যকোনো কনসার্টের সম্ভাবনা নেই দেশে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বেশ কয়েকটি কনসার্টে গান করবেন নগর বাউল।”

কলকাতার নজরুল মঞ্চে বিকেল ৫ টায় শুরু হবে ‘গান পিরীতি’ শীর্ষক এ কনসার্ট। অনুষ্ঠানের টিকিট পেতে কলকাতার শ্রোতাদেরকে গুনতে হবে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার রুপি।