২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ার স্মৃতিতে সুপ্রিয়া দেবী

দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে ৮৩বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুপ্রিয়া দেবী। তার মৃত্যুতে টলিউডে নেমেছে শোকের ছায়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও স্মরণ করেছেন সুপ্রিয়া দেবীকে। জানিয়েছেন শোক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 06:43 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

সৃজিত মুখার্জী অভিনীত ‘রাজকাহিনি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া। এ চলচ্চিত্রেই তার সহশিল্পী হওয়ার কথা ছিলো ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয় দেবী’র।

কিন্তু শারীরিক অসুস্থতায় শেষ পর্যন্ত তার কাজ করা হয়নি ছবিটিতে। তবে, চলচ্চিত্রটির কারণেই কিছুদিনের সুপ্রিয়ার সাহচার্য পেয়েছিলেন জয়া। তার মৃত্যুদিনে তাই শোক বাজছে জয়ার প্রাণেও।

শুক্রবার জয়া তার ফেইসবুক পেইজে লিখেছেন, “আজ খুব ভোরে আরেকবার শূন্য হবার খবর পেলাম। মেঘে নাকি ঢাকা পড়ে গেছে সেই তারা, যে তারা'র একটি আকুতি আজীবন আমাদের ভাবিয়েছে, আপ্লুত করেছে। ‘দাদা আমি বাঁচতে চাই’ বলে কেউ আর বাঁচতে চাইবেনা।

কারণ আজ থেকে তিনি স্থায়ীভাবে আসন গড়ে নিয়েছেন মেঘলা আকাশে। আজ থেকে আকাশে মেঘ জমলে তাকে মনে করবো। মেঘে ঢাকা তারা দেখে অস্ফুটস্বরে বলবো, ভালো থাকুন সুপ্রিয়া দেবী। ভালো থেকো বেণুদি,ভালো থেকো নীতা...।”

‘রাজকাহিনি’ করতে গিয়ে তার সঙ্গে পরিচয়ের স্মৃতিটুকুও ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

জয়া লেখেন, “মনে পড়ে, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 'রাজকাহিনি' ছবির রিহার্সলের সময়। ছবিটিতে তার অভিনয় করার কথা ছিল, যদিও পরবর্তীতে অসুস্থতার কারণে তার আর অভিনয় করা হয়নি।

স্পষ্ট মনে আছে, তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে এসেছিলাম, একসঙ্গে মহড়ায় অংশ নিয়েছিলাম।”

প্রয়াত স্বামী বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক উত্তম কুমারকে গভীরভাবে ভালোবাসতেন সুপ্রিয়া। তার প্রমাণসাক্ষ্য মিলছে জয়ার স্মৃতি থেকেও- “রাস্তায় যখনই আশেপাশে মহানায়ক উত্তম কুমারের ছবি দেখছিলেন, উনি আপ্লুত হয়ে যাচ্ছিলেন, ‘দ্যাখ, দ্যাখ, তোর দাদা। এই ছবিটা অমুক দিনে তোলা। ওই ছবিটা তমুক দিনে। সেদিন আমি রান্না করে খাইয়েছিলাম।’

বুঝতাম, এখনো তিনি কী করে অস্তিত্বের সংগে উত্তম কুমারকে জড়িয়ে রেখেছেন। মহানায়ককে সাথে নিয়েই আজ থেকে হয়তো মেঘের ওপারে তৈরি হবে নতুন কাব্য। নতুন গল্প।

জীবনের কী অদ্ভুত চিত্রনাট্য! আজই আমার সুপ্রিয়া দেবীর সাথে সম্পর্কিত একটি কাজের সংগে যুক্ত হবার কথা ছিল। অথচ আজ-ই তিনি....।

নাহ, তিনি বিদায় নেননি। আমরা আমাদের স্মৃতিতে, আমাদের কাজের মাঝে বাঁচিয়ে রাখবো তাকে। সুপ্রিয়া দেবী, আপনার প্রতি আমার, আমাদের বিনম্র শ্রদ্ধা।”

সৃজিত মুখার্জী পরিচালিত ‘এক যে রাজা’ চলচ্চিত্রের শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন জয়া আহসান। চলতি মাসেই চলচ্চিত্রটির প্রথম ধাপের শ্যুটিং সম্পন্ন হবে।

এতে জয়া ছাড়াও অভিনয় করছেন যীশু, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।