মন্দা কাটিয়ে ফেব্রুয়ারিতে ‘লাভের আশা’
জানুয়ারিতে কোনো চলচ্চিত্রই লাভের মুখ দেখেনি, হতাশ হয়েছেন দর্শকরা। মন্দা কাটিয়ে ফেব্রুয়ারিতে মুক্তির তালিকায় থাকা বেশ ক’টি বিগ বাজেটের চলচ্চিত্রে ‘লাভের সম্ভাবনা’ দেখছেন পরিচালক-প্রযোজকরা।
ম্যাড়মেড়ে আমেজেই কাটছে বছরের প্রথম মাস। হলে হুড়াহুড়ি নেই, নেই চলচ্চিত্র নিয়ে আলোচনা।
চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানিয়েছে, জানুয়ারিরতে মুক্তি পেয়েছে ‘পুত্র’, ‘পাগল মানুষ’, ‘হৈমন্তী’, ‘দেমাগ’। চলচ্চিত্রগুলোর একটি শোও হাউসফুল যায়নি। মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। লগ্নীর টাকাও পকেটে ভরতে পারেননি অনেক প্রযোজক।
জয়া আহসান ও ফেরদৌস থাকায় ‘পুত্র’ চলচ্চিত্রটি নিয়ে একটু বেশিই আগ্রহ ছিল দর্শকদের মধ্যে।সরকারি অনুদানে ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘পাগল মানুষ’ নিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরলেন শাবনূর। অপেক্ষায় থাকা ভক্তদের হতাশ করেছেন এক সময়ের সাড়া জাগানো এ নায়িকা। গল্পের অসামঞ্জস্যের কারণে প্রশংসা তো দূরের কথা উল্টে সমালোচনার মুখে পড়েছে ছবিটি।
‘হৈমন্তি’ ও ‘দেমাগ’ নামে বাকি দু’টি চলচ্চিত্র যথাযথ প্রচারের অভাবে দর্শকদের মধ্যে উল্লেখ করার মতো তেমন কোনও আগ্রহ তৈরি করতে পারেনি।
যার ফল দেখা গেছে হলেও। ছবিগুলো মুখ থুবড়ে পড়েছে বলে জানিয়েছে প্রদর্শক সমিতি।
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘ভালো থেকো’, ‘স্বপ্নজাল’, ‘আমি নেতা হব’-এর মতো বিগ বাজেট আর পাকা অভিনেতা-নির্মাতার চলচ্চিত্র।
‘শাকিব নির্ভর ঢালিউডের’ বেশিরভাগ হিট সিনেমাই দর্শকদের উপহার দিয়েছেন তিনি। শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের আগ্রহ একটু বেশিই থাকবে। সঙ্গে থাকছেন মিম। আর উত্তম আকাশের নির্মাণ।
আরেক সিনেমা ‘ভালো থেকো’তে জুটি বেঁধেছেন জাকির হোসেন রাজু-আরিফিন শুভ।
সম্প্রতি ব্যবসা সফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করে সাড়া ফেলেন শুভ। তার বৃহস্পতি এখন তুঙ্গে। দর্শকদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
অন্যদিকে ফেব্রুয়ারির ট্রামকার্ড হতে পারেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
সুপারহিট চলচ্চিত্র ‘মনপুরা’ নির্মাণে আলোড়ন তুলেছিলেন দেশজুড়ে। ছবিটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকরা।
সাত বছর পর মুক্তি পাচ্ছে তার ‘স্বপ্নজাল।’ ট্রেইলারে সেলিমের নির্মাণের মুন্সিয়ানার সঙ্গে ব্যতিক্রমী চরিত্রে আলোচিত অভিনেত্রী পরীমনির উপস্থাপনাও মনোযোগ কেড়েছে দর্শকদের।
আপাতত তিন চলচ্চিত্রের দিকেই তাকিয়ে আছেন দর্শকরা।
