২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মাবত’-এর জন্য গোটা দেশ গর্বিত হবে: রণবীর

মুক্তির দিনেই সিনেমা ঘিরে নানান অভিমত প্রকাশ পাচ্ছে । প্রতিক্রিয়া জানালেন এই ছবির মূল চরিত্ররাও ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:01 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

রাজপুত করনি সেনার হুমকিকে অগ্রাহ্য করেই ভারতে মুক্তি পেল সঞ্জয় লীলা বনসালি পরিচালিত, রণবীর সিং, শাহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবত’।

রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে করনি সেনা তাণ্ডব চালালেও বৃহস্পতিবার সকাল থেকেই সিনেমা-প্রেমী মানুষ হলমুখী।

সিনেমা ঘিরে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে । বেশিরভাগ দর্শক মনে করছেন, সিনেমা দেখার আগেই এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে করনি সেনা ঠিক করেনি ।

দীপিকার কুশপুতুল পুড়িয়ে, কখনও তলোয়ার নিয়ে রাস্তায় উগ্রতা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন।

উগ্রতার সীমা ছাড়িয়ে স্কুল বাসের উপর পাথর ছোঁড়া, গাড়িতে অগ্নিসংযোগের জন্য সাধারণ মানুষ তাদের ভীষণভাবে নিন্দা করছেন।

ইতিমধ্যে আদালত অবমাননার অভিযোগে এই উগ্রবাদী দলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ।

তবে ছবি দেখে বেশিরভাগ দর্শকই উচ্ছ্বসিত । সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গিয়েছে বনসালির প্রশংসায় । বেশিরভাগ দর্শকের অভিমত করনি সেনার এরকম প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো কারণই এই ছবিতে নেই ।

প্রতিক্রিয়া জানিয়েছেন ছবিটির অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, রণবীর সিংও ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দীপিকা ছবিমুক্তি নিয়ে বেশ উত্তেজিত । সিনেমাটি শেষ অব্দি মুক্তি পেল বলে তিনি অভিভূত । নানান প্রতিক্রিয়া দেখে তার মনে হচ্ছে সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দেবে ।

শাহিদ কাপুর খুব নার্ভাস বোধ করছেন দর্শক কীভাবে নেবেন তাকে সেই ভেবে । কেননা তিনি যে চরিত্রে অভিনয় করছেন রাজপুতরাজা মহারাওয়াল রতন সিং, রানি পদ্মাবতীর স্বামী, সাধারণ মানুষ তার সম্পর্কে খুবই কম জানেন ।

এরকম একটি চরিত্রে অভিনয় করা তার কাছে সহজ ছিলনা । এই কাজটি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে রইল । 

অন্যদিকে, বিতর্ক নিয়ে একদমই ভাবছেন না রণবীর সিং । এক টুইটে তিনি লিখেছেন, ‘‌আমি থ্রি ডি–তে ছবিটা দেখেছি। আমি গর্বিত ‘টিম পদ্মাবত’-এর জয়ে ।

আলাউদ্দিনের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য আমি সঞ্জয় লীলা বনসালীর কাছে কৃতজ্ঞ । উনি আমার ক্যারিয়ারে একটা বড় সুযোগ দিয়েছেন । তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।’

তিনি আরও লিখেছেন, ‘‌পদ্মাবত’-এ অভিনয় করার জন্য আমি গর্বিত । গোটা দেশ এই ছবির জন্য গর্বিত হবে।’‌