মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পৌনঃপুনিক’
আগামী ২৮ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ১৫তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।
দক্ষিণ এশিয়ার প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং অ্যানিমেশন চলচ্চিত্রের প্রাচীন এবং সর্ববৃহৎ আয়োজন মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
১৯৯০ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের আয়োজনে উৎসবটি আয়োজন করা হচ্ছে।
চলতিবছর এ উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত হয়েছে খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।
ইতিপূর্বে চলচ্চিত্রটি ১১তম সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব, ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশকিছু দেশি বিদেশী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
এছাড়াও বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড’, দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন’ এবং নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’র সম্মাননা পেয়েছে খন্দকার সুমনের এ নির্মাণ।
এ প্রসঙ্গে নির্মাতা বললেন, “সমাজের অবদমিত অধ্যায়ের অস্পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিত জীবনের পুনরাবৃত্তির ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।
৪ জানুয়ারি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হওয়ার খবরটি পাই। এটি একইসঙ্গে আনন্দের ও গৌরবের।
‘পৌনঃপুনিক’ চলচ্চিত্রের গল্প রচনা করেছেন কিংশুক ভট্টাচার্য, চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন, সংগীতে মাহমুদ হায়াৎ অর্পণ এবং সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল।
আইডিয়া এক্সচেঞ্জ-এর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেন খন্দকার সুমন।
‘পৌনঃপুনিক’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রানী সরকার, ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি এবং মানিক বাহার।
