২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মশালা পরিচালনায় ঢাকায় অভিদিও সালাজার

তরুণ চলচ্চিত্র নির্মাতা তৈরির লক্ষ্যে অষ্টম ঢাকা সিনে ওয়ার্কশপ পরিচালনা করতে ঢাকায় অবস্থান করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা অভিদিও সালাজার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 08:24 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- আইএফসিএবি ও পাঠশালা- দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে আযোজন করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

শুক্রবার পাঠশালা- দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট’-এর ধানমণ্ডি ক্যাম্পাসে কর্মশালা শুরু হয়।

প্রথমেই কোর্স পরিচালক অভিদিও সালাজার শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন। পরে কোর্সের বিষয়বস্তু নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দেন তিনি।

চলচ্চিত্র সম্পর্কে অংশগ্রহনকারীদের মতামত, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এ সময় আলোচনা হয়।

এবারের কর্মশালায় ৩৫ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ২০ জনেরও বেশি।  

ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা। উৎসবের গণমাধ্যম সমন্বয়ক রুহুল রবিন খান বলেন, “তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আয়োজিত এই কর্মশালা ।

এতে চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি, চলচ্চিত্রের নন্দনত্বত্ত্ব, চলচ্চিত্র সমালোচনা, বিভিন্ন উৎসবে অংশগ্রহণ ও অর্থায়ন বিষয়ে তাত্ত্বিক ক্লাস নেওয়া হবে ।

পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য একটি পরিপূর্ণ কোর্স ডিজাইন করা হয়েছে।”

দুই সপ্তাহব্যাপী এই চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।

আন্তর্জাকিত খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, সমালোচক ও ফিল্ম একাডেমিশিয়ান এতে প্রশিক্ষণ নেবেন। কর্মশালাটি চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা অভিদিও সালাজার, যিনি ৩৫ বছরের বেশি সময় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত।

সালাজার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ‘থিয়েটার ও কমপ্যারাটিভ রিলিজিয়াস’-এর বিষয়ে পড়াশোনা শেষ করে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্যারিস, ইস্তাম্বুল এবং লন্ডন থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

আগামী ১২ জানুয়ারি পর্দা উঠছে ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের । চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬৩টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।