চার বছর পর ‘লাক্স সুন্দরী প্রতিযোগিতা’
‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ এমন থিম নিয়ে আবারও শুরু হচ্ছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুন্দরী প্রতিযোগিতা।
বুধবার সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুন্দরী প্রতিযোগিতা।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করেন ও প্রতিযোগীদের শুভেচ্ছা জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার, ইউনিলিভারের স্কিন ক্লিনজিংয়ের হেড নাদিয়া তাবাসসুম, চিত্রনায়ক আরিফিন শুভ, শিল্পী ও অভিনেতা তাহসান ছাড়াও বিগত আসরের কয়েকজন লাক্স তারকা।
এবারের আসরে বিচারকের আসনে থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও চিত্রনায়ক আরিফিন শুভ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল যুগের সাথে তালমিলিয়ে এবারের লাক্স সুন্দরী প্রতিযোগিতার প্রক্রিয়াও হবে ডিজিটালভাবে।
বলা হয়, লাক্স বাংলাদেশ (LuxBangladesh) এর ফেইসবুকে পেইজ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com এ গিয়ে খুব সহজে নিয়মাবলী মেনে সম্পন্ন করা যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
এই সংবাদ সম্মেলনের পরেই শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
এ বছর যিনি লাক্স সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী হবেন তিনি পাবেন একটি ব্র্যান্ড নতুন গাড়ি ও পাঁচ লক্ষ টাকা।
পাশাপাশি তিনি ইউনিলিভারের শুভেচ্ছাদূত ও ব্র্যান্ড কমিউনিকেশন পারফর্ম করবেন। দেশের শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনের কাভার মডেল হতে পারবেন, বাংলাদেশ ফিল্ম এন্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্স করতে পারবেন।
একইসাথে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ও চ্যানেল আইয়ের নাটকে কাজের সুযোগ পাবেন।
প্রথম রানার্স আপ-এর জন্য চার লক্ষ টাকা ও দ্বিতীয় রানার্স আপ তিন লক্ষ টাকার পুরস্কার পাবেন। এছাড়াও টপ-১০ সুন্দরী প্রতিযোগীর পোর্টফলিও তৈরি করবেন দেশের নামকরা ফটোগ্রাফাররা।
