জানুয়ারিতে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব
‘লেটস্ সিনেমা’ স্লোগান নিয়ে জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব।’ চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূন্য’র উদ্যোগে ১০ থেকে ১২ জানুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে।
আয়োজকেরা জানান, উৎসবে ৬টি ক্যাটাগরিতে বিশ্বের ১০২টি দেশের মোট ২০৪৭টি চলচ্চিত্র জমা পড়েছে।
বেস্ট অব দ্য ফেস্ট বিভাগে ৩৬৬টি, শর্ট ফিল্ম বিভাগে ১১৩০টি, ইন্টারন্যাশনাল শর্ট বিভাগে ৯৮৪টি , ডকুমেন্টারি বিভাগে ২৭২টি, এ্যানিমেশন বিভাগে ৪০৩টি ও লোকাল ট্যালেন্ট বিভাগে ৬৯টি।
উৎসবে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক তরুণ চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং বেশিরভাগ নির্মাতা উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকেরা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের সাথে তিন দিন বাংলাদেশী তরুণ নির্মাতারা নিজেদের ভাবনা-চিন্তা-অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন, একসাথে কর্মশালায় অংশ নেবে, বিশ্ব চলচ্চিত্রের নানা দিক সম্পর্কে জানতে পারবে।
উৎসব পরিচালক জিসান মাহাদি বলেন, “সব আয়োজনই আসলে ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। যে কারণে আমরা এই আয়োজনের মধ্য দিয়ে ঢাকার বাইরের তরুণদের উৎসাহিত করতে চাই।
লক্ষ্মীপুরের মতো শহরেও যে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজন করা সম্ভব, সেটাই আমরা প্রমাণ করতে চাই এই আয়োজনের মধ্য দিয়ে।”
দেশসেরা চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি জুরিবোর্ডের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে।
উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ১২ জানুয়ারি সন্ধ্যায়, টাউন হল মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে।
উৎসব সমন্বয়ক ইয়াসিন চৌধুরী তুষার বলেন, “আমরা সারাবিশ্ব থেকে কল্পনাতীত সাড়া পেয়েছি। এত দেশের এত এত ছবি জমা পড়বে, আমরা সত্যিই আশা করিনি।”
এতে বিচারক হিসেবে থাকবেন অমিতাভ রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিভি ও চলচ্চিত্র বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম ভূইয়াসহ আরও অনেকে।
