নাবিলার বিয়ে ২৬ এপ্রিল
বছরের শেষদিনে বিয়ের খবর দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আগামী বছরের ২৬ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন তিনি। বরের নাম জোবাইদুল হক, একজন ব্যাংকার।
রোববার বিকেলে গ্লিটজকে এ অভিনেত্রী বলেন, “ছোটবেলায় জেদ্দায় থাকতাম আমরা। ১৮ বছর আগে আমাদের পরিচয়। কিন্তু ওর সঙ্গেই আমার বিয়ে হবে ভাবিনি! পারিবারিকভাবেই দু’জনের বিয়ে হচ্ছে। সবার কাছে দোয়া চাই। দুই পরিবারকে নিয়ে ভালো থাকতে চাই। নতুনভাবে সংসারটা গোছাতে চাই।”
নাবিলার ভাষ্যে, জোবাইদুল হক সংস্কৃতিমনা মানুষ। সিনেমা ও গান ভালোবাসেন। কাজের ক্ষেত্রে তাকে বরাবরই উৎসাহিত করেন। ফলে সংসার ও কাজ নিয়ে কোনো চিন্তা করছেন না তিনি।
তিনি বলেন, “তবে পরিবারের প্রতি তো অনেক দায়িত্ব থাকবেই। ওগুলো ব্যালেন্স করে নিতে হবে। মেয়েরা তা পারে।”
বিয়ের দিনই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন?
মধুচন্দ্রিমা নিয়ে বিশেষ কিছু না জানালেও এতটুকু বললেন, “হানিমুনের আগে দু’জন একবার ওমরাহ করে আসব। তারপর হানিমুন।”
২০০৬ সালের দিকে উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হয় নাবিলার। ২০১৬ সালের ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। আগামী মাসেই নতুন একাধিক অনুষ্ঠানে দেখা যাবে বলে জানালেন তিনি।
