রহমান বয়াতির অপ্রকাশিত গান গাইলেন টুনটুন ফকির
প্রয়াত বাউল সাধক আবদুর রহমান বয়াতির অপ্রকাশিত গানগুলোকে প্রকাশের উদ্যোগ নিয়েছেন সুরকার মুরাদ নূর।
একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক আব্দুর রহমান বয়াতির কথায় মুরাদ নূরের সুরে গতবছর প্রকাশিত হয়েছিল কাঙালিনী সুফিয়ার কণ্ঠে গান ‘ভুলি ভুলি মনে করি’। এবার বয়াতির নতুন গান গাইলেন আরেক বাউল সাধক টুনটুন ফকির।
সম্প্রতি শানের সঙ্গীতায়োজনে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং ও স্টুডিও পার্ট ধারন সম্পন্ন হয়েছে।
আগামী ১জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও একতা বাউল গোষ্ঠীর আয়োজনে আব্দুর রহমান বয়াতির ৮১ তম জন্মদিন অনুষ্ঠানে গানটির মোড়ক উন্মোচন হবে।
তওবা গানটি প্রসঙ্গে মুরাদ নূর বলেন, “আব্দুর রহমান বয়াতি ও টুনটুন বাউল দুজনই বাউল সাধক গুণী শিল্পী, নিজকে তাঁদের নামের সাথে যুক্ত করে ভীষণ গর্ব হচ্ছে। এমন শুদ্ধ সৃষ্টিতে বাউল পরিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও লেজার ভিশন-এর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। শুদ্ধ বাংলা সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছাতে বরাবরের মতোই বদ্ধপরিকর।”
টুনটুন বাউল বলেন, “রহমান ভাই (আব্দুর রহমান বয়াতি) আমাদের অগ্রজ, ওনার কথায় তওবা শিরোনামের মৌলিক গানটি গাইতে পেরে খুব আনন্দ হচ্ছে। পিচ্চি (মুরাদ নূর) কথার সাথে মূল ঠিক রেখে যুগের চাহিদা অনুযায়ী সুর করেছে, মিউজিকেও ভিন্নতা আছে। চিরন্তন সত্য কথার গানটি আপনাদের ভালোই লাগবে।”
আব্দুর রহমান বয়াতির ছেলে আলম বয়াতি বলেন, “গত বছর বাবার অপ্রকাশিত কথায় মুরাদ নূর কাঙালিনী সুফিয়াকে দিয়ে একটি চমৎকার গান করেছিলেন, এবার করলো তওবা গানটি। তার পরিকল্পনা বেশ ভালো।
টুনটুন কাকা গুণী শিল্পী, ভাইয়ের কথায় ভাই গাওয়াতে আমদের পরিবার খুশী। শান ভাই অসাধারন মিউজিক করেছে, পুরো প্রজেক্টটি সফল ভাবে শেষ করাতে মুরাদ নূরকে ধন্যবাদ।”
মুরাদ নূর জানান, কাঙালিনী সুফিয়া ও টুনটুন বাউলের পর রহমান বয়াতির কথায় পরবর্তী গানগুলো গাইবেন যথাক্রমে পবন দাস বাউল, মমতাজ, বেলাল খান, ঐশী প্রমুখ।
