বৈশাখী টিভির যুগপূর্তিতে নানা আয়োজন
বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখীর পথচলার এক যুগপূর্তি হল বুধবার। বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি।
প্রতিষ্ঠার ৫ বছর পর ২০১০ সালের ২৮ জুলাই থেকে নতুন লোগোতে নবযাত্রা করে বৈশাখী টেলিভিশন।
নতুন যুগে পা রাখার গৌরবময় দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার দিনভর উৎসব ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরের শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শিল্পী, কবি, সাহিত্যিক, কলাকুশলী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও কেবল অপারেটরসহ নানা শ্রেণি-পেশার মানুষ উষ্ণ অভ্যর্থনা জানায় বৈশাখী টেলিভিশনকে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে টিভি চ্যানেলটি। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে প্রচারিত হয় ফকির সাহাবুদ্দিন ও শাহনাজ বেলীর সরাসরি সংগীতানুষ্ঠান।
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে আলিফ লায়লা ও অপু, ১১টা ২০ মিনিটে বণিক ও লুইপা, ১২টায় সাব্বির ও দিঠি আনোয়ার ও ১টায় রিংকু ও আশিক, বিকেল ৫টা ২০ মিনিটে ডলি সায়ন্তনী সরাসরি গান পরিবেশন করেন।
রাত ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজের সংগীতানুষ্ঠান। রাত ১১টায় একক নাটক ‘জুতা আবিষ্কার’ ও রাত ১২টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘কিং খান।’
