রেকর্ড গড়লো সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’
২২ ডিসেম্বর মুক্তি পেয়ে বড়দিনের আগেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল সালমান খান ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ । এর আগে কোনও হিন্দি সিনেমা একদিনে ৪৫ কোটি রুপির ব্যবসা করতে পারেনি।
‘টিউবলাইট’ বক্স অফিসে সেভাবে না জ্বললেও ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে দর্শকপ্রত্যাশা ছিল তুঙ্গে।
আদিত্য চোপড়া প্রযোজিত ও কবির খান পরিচালিত ২০১২ সালের সাড়াজাগানো থ্রিলার ‘এক থা টাইগার’-এর সিকুয়্যাল ‘টাইগার জিন্দা হ্যায়’তে লড়াকু সালমানকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘বাহুবলী:২’কে ব্যতিক্রম ধরলে, ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির সাথে সাথেই যে আয় করেছে তা বলিউডের সর্বোচ্চ ।
মুক্তির তিন দিনের মধ্যেই সিনেমাটি একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে ।চারদিনেই একশো পঞ্চাশ কোটি রুপি অতিক্রম করে ফেলেছে । প্রথম সপ্তাহের শেষেই হয়তো চলচ্চিত্রটির আয় দুইশো কোটি ছাড়িয়ে যাবে ।
বলিউডি চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, প্রথমদিনেই দেশের বাজার থেকে ৩৪.১০ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩৫.৩০ কোটি রুপি এবং তৃতীয় দিন, রবিবার চলচ্চিত্রটির সংগ্রহ ৪৫.৫৩ কোটি। সবমিলিয়ে প্রথম তিনদিনেই ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয় ১১৪.৯৩ কোটি।
ইতিমধ্যেই এক রেকর্ড তৈরি করেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ । এর আগে কোনও হিন্দি সিনেমা একদিনে ৪৫ কোটি রুপির ব্যবসা করতে পারেনি।
এই চলচ্চিত্রটি সালমানের ১২ নম্বর সিনেমা যা ১০০ কোটির ক্লাবে ঢুকল।
এর আগে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ (১০২.৬০ কোটি টাকা), ‘সুলতান’ (১০৫.৫৩ কোটি টাকা) এবং ‘টিউবলাইট’ (৬৪.৭৭ কোটি টাকা)-এর মতো সিনেমাগুলির তুলনায় মুক্তির প্রথম তিনদিনে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর ব্যবসা সর্বাধিক ।
ভারতীয় গোয়েন্দাবাহিনীর এজেন্ট টাইগার (সালমান) ও প্রাক্তন পাকিস্তানী এজেন্ট জোয়ার (ক্যাটরিনা) ইরাক যুদ্ধের রোমহর্ষক গল্প নিয়ে নির্মিত স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’ ।
সুপারহিট ‘এক থা টাইগার’-এর পাঁচ বছর পর এই সিনেমায় ফের জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা ।
