একযুগ পেরিয়ে আরটিভি
২০০৫ সালের ২৬ ডিসেম্বর যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করলো ছোটপর্দার অন্যতম চ্যানেলটি।
১৩ বছর পদার্পন উপলক্ষে গতকাল ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে শুরু হয় জন্মোৎসব আয়োজন ‘উৎসব আনন্দে আজ ও আগামী রাতের আয়োজন’।
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, অভিনেতা ড. এনামুল হক, অভিনেতা মোশাররফ করিম, মীর সাব্বির।
মধ্যরাতে জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরটিভি কখনও পিছপা হবে না। জনগণের মুখপাত্র হিসেবেই আরটিভি সবার মনে জায়গা করে নিয়েছে।”
১৩ বছরে পদার্পণ উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, “আমরা সবসময় চেয়েছি দর্শকদের মন জয় করতে। আর এই ১২ বছরে আমরা দর্শকদের মন জয় করেছি বলে মনে হয়। যেহেতু দর্শকরাই আমাদের সবকিছু, ফলে তাদের মন জয় করার জন্য অনেক কিছুই করতে চাই।
আরটিভি এখন এক শ্রেণির দর্শকের টিভি না। দর্শকদের নান্দনিক চাহিদা পূরণ করে আমরা এখন শীর্ষ পর্যায়ে আছি। এ ধারা অব্যাহত রেখে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে আমরা আরো ভালো করতে চাই।”
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থাকছে সাত দিনব্যাপী জমকালো আয়োজন। এছাড়া ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি স্টার অ্যাওয়ার্ড।
আরটিভিতে প্রচারিত শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতার স্বীকৃতি দিতে এমন সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ আরটিভির।
গত ছয় বছরে অনেক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, রচয়িতা, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে আরটিভি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন সরাসরি প্রচারিত হবে আরটিভিতে।
