২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘হৃদয়ে রংধনু’

১২তম ইথিওপিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘হৃদয়ে রংধনু’। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা রাজীবুল হোসেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:38 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

পর্যটন নিয়ে দেশের প্রথম ছবি ‘হৃদয়ের রংধনু’। নির্মাণের প্রায় দু’বছর পেরিয়ে গেলেও এখনও নানা জটিলতায় সেন্সরবোর্ডে আটকে আছে রাজীবুল হোসেন পরিচালিত চলচ্চিত্রটি।

দেশের রূপ-বৈচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে ৫৪টি জেলায় চিত্রায়িত হয়েছে ছবির কাহিনি। ২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে নির্মাণ কাজ সমাপ্ত হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে।

২০১৬-র নভেম্বরে সেন্সরবোর্ডে জমা পড়ে চলচ্চিত্রটি। কিন্তু নানা জটিলতায় সেন্সর ছাড়পত্র এখনও হাতে মেলেনি নির্মাতার।

এর প্রতিবাদে দেশের বাইরে চলচ্চিত্রটিকে ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠাতে শুরু করেছেন নির্মাতা রাজীবুল হোসেন।

এই উদ্যোগের প্রথম সাড়া মিললো ইথিওপিয়া থেকে। ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১২তম ইথিওপিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে তার ছবিটি। উৎসবটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নির্মাতা রাজীব এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “সেন্সরবোর্ড যখন আমাদেরকে ঘোরাচ্ছে, সার্টিফিকেটটাও দিচ্ছে না, মতামতও দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমরা ছবি নিয়ে তো অনন্তকাল বসে থাকতে পারি না।

 

তাই আমরা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের সেন্সরবোর্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও বিশ্বের বিভিন্ন দেশে আমরা চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নেব। তারই ধারাবাহিকতায় প্রথম সাড়া মিললো ইথিওপিয়া থেকে। তাই সেখানেই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ নভেম্বর সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন। এর ৯ মাস পর এ বছরের ২৯ অগাস্ট ছবিটিতে আটটি জায়গায় সংশোধনী দিয়ে প্রযোজক ও পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড।

তার বিপরীতে ৮ সেপ্টেম্বর পুনরায় ছবিটি সেন্সরবোর্ডে জমা দেন নির্মাতা। এরপর ১০ অক্টোবর ছবিটির আবার প্রিভিউ হয়। তারপর থেকে এখনও কোনো সাড়া পাননি নির্মাতা।

‘হৃদয়ের রংধনু’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শামস হাসান, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা ও একমাত্র নারী, সার্বিয়ার নাগরিক মিনা পেতকোভিচ।