২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের সমালোচনায় গান: ডিরকস্টার শুভ’র ‘আস্তে’

মিউজিক ভিডিওতে আসছে ডিরকস্টার শুভর নতুন গান ‘আস্তে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 06:30 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

অন্তর্জাল নির্ভর সাম্প্রতিক সংগীতাঙ্গনে নতুন নতুন গানে কোটি ভিউ’র খবর আসে প্রায়ই। কিন্তু নানা কৌশলে কোটি শ্রোতার কাছে গানটি পৌঁছালেও মন স্পর্শ করতে পারছে না বেশিরভাগ গানই।

ইউটিউবে গানের ভিউ নিয়েই সন্তুষ্ট থাকা শিল্পীদের সমালোচনায় এবার গান বাঁধলেন শাহান কবন্ধ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

এই সময়ের শিল্পী ডিরকস্টার শুভ কণ্ঠে ধরেছেন সংগীতাঙ্গনের সমালোচনাধর্মী সেই গানটি। চলতিবছর অগাস্টে এ শিল্পীর অতঃপর অ্যালবামে গানটি প্রকাশিত হলেও এবার ফের গানটি মিউজিক ভিডিও’র মাধ্যমে শ্রোতাদের সামনে আনছেন এ শিল্পী।

সম্প্রতি নির্মিত এই গানের মিউজিক ভিডিওর প্রথম টিজার জিপি মিউজিকের ফেইসবুক পেইজে রিলিজ হলো।

শুভ বললেন “বেশ একটা অভিনব থিম নিয়ে গানটির মিউজিক ভিডিও করার চেষ্টা করেছি আমরা। প্রথম টিজারে আমরা ভালো সাড়া পেয়েছি। কয়েকদিনের মধ্যে আরও দুটি টিজার প্রকাশ করা হবে। এরপরই পুরো ভিডিওটি দেখতে পাবেন দর্শক। সেদিন ‘জি সিরিজ মিউজিক’ ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হবে।”

শাহান কবন্ধ বলেন, “ইউটিউবে যাচ্ছেতাই সব ভিডিও সবাই বুস্ট করে কীভাবে ভিউজ বাড়ায়, ফেইসবুকে স্পন্সর করে কীভাবে হিট বাড়ায়, কিংবা গান না জেনে যা ইচ্ছা তাই গেয়ে শুধু মাত্র বুস্ট করে নিজেকে বড় স্টার ভাবা, প্রকৃত গায়ক গায়িকা কিংবা সেলিব্রেটিদের জন্য সেটা কতটা বিব্রতকর- এ সব নিয়েই গানটি লেখা।”

গানটিতে শুভ’র সঙ্গে র‌্যাপ গেয়েছেন আরভিএস দর্পণ। ‘আস্তে’র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসিফ ইফতেজা, ব্ল্যাক জ্যাং, স্বাক্ষর এবং রীম। ক্যামেরায় ছিলেন শায়ান।

এই ভিডিওটির পর নতুন বছরে শ্রোতাদের আরেকটি নতুন গান ও মিউজিক ভিডিও উপহার দেবেন বলে জানালেন শুভ।