২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্র সন্তানের মা হলেন হাসিন

মা হলেন ছোটপর্দার অভিনয়শিল্পী হাসিন রওশন। সন্তানের নাম রাখা হয় উযায়ের মাইন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:14 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

রোববার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম হয় বলে গ্লিটজকে জানান এ অভিনেত্রী। মা ও পুত্র দু’জনেই সুস্থ আছেন।

হাসিন বলেন, “মা হওয়ার অনুভূতি একদম আলাদা। আমার জীবনে পূর্ণতা এনে দিয়েছে আমার ছেলে। ওর জন্য দোয়া প্রার্থনা করছি।”

২০১২ সালের ৬ জুলাই ব্যবসায়ী মারুফুল ইসলামকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের চার বছরের মাথায় গতবছর অভিনয়কে বিদায় জানিয়ে সংসারে থিতু হন তিনি।

মিডিয়া ছাড়লেন কেন?

তিনি বলেন, “আমি ভাবলাম সংসারে ফুল টাইম কন্সেন্ট্রেশন দেওয়া দরকার। যদি মিডিয়া না ছাড়ি তাহলেও টুকটাক কাজ করতেই হতো। অনেকের নাটকের রিকোয়েস্ট রাখতে হতো। কিন্তু দুইটা একসঙ্গে চালানো খুব মুশকিল। সেকারণেই একেবারেই ছেড়ে দিয়েছি মিডিয়া।”

২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় আসেন রাজশাহীর এ তরুণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন তিনি ।

‘আমাদের ছোট নদী’, ‘সখা হে’, ‘নো ম্যান্স ল্যান্ড’সহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন হাসিন।