২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিচারণে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুকে স্মরণ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নৃত্যজন, শিল্পবোদ্ধারা শ্রদ্ধা-ভালোবাসা আর স্মৃতিচারণে স্মরণ করলেন সদ্যপ্রয়াত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:46 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

সোমবার বিকালে শিল্পকলা একাডেমির উন্মুক্ত আঙ্গিনায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই স্মরণসভা হয়।

বাংলাদেশের নৃত্যাঙ্গনের পথের দিশারী রাহিজা খানম ঝুনু গত ২৬ নভেম্বর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবারের অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে নিবেদন করা করা পুষ্পাঞ্জলি। এসময় নেপথ্যে ভেসে আসে ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ গানের সুর।

শ্রদ্ধা জানান বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, নৃত্যশিল্পী লায়লা হাসান, আমানুল হক, শামীম আরা নীপা, সাদিয়া ইসলাম মৌ, মুনমুন আহমেদসহ অনেকে। এছাড়া বিভিন্ন নৃত্য সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।

স্মরণসভায় যোগ দিয়েছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অচলায়তন ভেঙ্গে নৃত্যচর্চায় গুরুত্বপূর্ণ’ অবদান রেখে যাওয়া এই শিল্পীকে স্মরণ করতে গিয়ে তিনি বলেন, “নৃত্যশিল্পী হিসেবে রাহিজা খানম ঝুনু নিজস্ব একটি বলয় তৈরি করেছিলেন। সেখানে ছিল তার অসংখ্য ভক্ত, অনুসারী ও শিষ্য। 

“তৎকালীন মুসলিম সমাজের সংস্কার ও রাষ্ট্রের বাধাকে অতিক্রম করে এগিয়ে গেছেন আপন পথে, রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ কারণেই পুরনোদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরা স্মরণে রাখবে এই পথিকৃৎ শিল্পীকে।”

বুলবুল ললিতকলা একাডেমি রক্ষায় সরকারি পদক্ষেপের বিষয়ে রাহিজা খানম ঝুনুর মেয়ে ফারহানা চৌধুরী বেবীর অনুরোধে সাড়া দিয়ে সংস্কৃতিমন্ত্রী জানান, ইতোমধ্যেই একাডেমির পুরনো ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটিকে তার আগের মর্যাদায় অধিষ্ঠিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১৯৫৬ সালে রাহিজা খানম ঝুনু নৃত্যে তালিম নিতে বুলবুল ললিতকলা একাডেমি- বাফায় ভর্তি হন। তিনি ছিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী। ১৯৬০ সালে বাফা থেকে পাস করে তিনি সেখানেই নৃত্যশিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৮ সালে অধ্যক্ষর দায়িত্ব নেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর কথায় উঠে আসে নৃত্যশিল্পী ঝুনুর প্রতিকূলতায় আবদ্ধ প্রারম্ভিক জীবনের কথা।

তিনি জানান, রাহিজা খানম ঝুনুর সঙ্গে তার বন্ধুত্বের বয়স ‘প্রায় ৬০ বছর’। ১৯৫৮ সালে পাকিস্তানী সামরিক শামসনামলে যখন নৃত্যনাট্য ‘নকশী কাথার মাঠ’ নির্মিত হচ্ছে সেই সময় ঝুনুর সঙ্গে পরিচয় তার।

সেদিনের কথা স্মরণ করে তিনি বলেন, “পাকিস্তানী শাসকগোষ্ঠী চেয়েছিল ওই নৃত্যনাট্যটি যেন মঞ্চস্থ না হয়। আর সেই নৃত্যনাট্যের ‘সাজু’ নামের চরিত্রটির রূপায়ন করেছিল ঝুনু।  নৃত্যনাট্যটির জন্য নাচের পাশাপাশি অভিনয়ও রপ্ত করতে হয়েছিল ঝুনুকে।

“আর ওই নৃত্যনাট্যের রচয়িতা কবি জসীম উদ্দীন ঝুনুকে দেখে মন্তব্য করেছিলেন, ‘তোর জন্যই বোধ হয় আমি সাজু চরিত্রটি সৃষ্টি করেছি’। একজন নৃত্যশিল্পীর জন্য এর চেয়ে বড় মূল্যায়ন আর কি হতে পারে? ”

প্রবীণ নৃত্যশিল্পী লায়লা হাসান বলেন, “রাহিজা খানম ঝুনুর সঙ্গে আমাদের সম্পর্কটা আত্মিক। তাই তিনি আমাদের মাঝে বেঁচে আছেন ও থাকবেন। মাতৃস্নেহে সবাইকে আপন করে নিতে পারতেন। তাই তিনি আমাদের সকলের নৃত্যগুরুমাতা।”

নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা বলেন, “আমরা হাজার চেষ্টা করলেও সরল এই মানুষটির মানবিকতাকে ছুঁতে পারব না। তবে তার মতো হওয়ার চেষ্টাটা করতে পারব।  তাই তিনি শুধু নাচের জন্য নন, একজন বড় মাপের মানুষ হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে।”

অনুষ্ঠানে এসেছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

পরে স্মরণসভায় নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ঘোষণা দেন, আগামী বছর ২৯ এপ্রিল বিশ্ব নৃত্যদিবসের অনুষ্ঠানে রাহিজা খানম ঝুনুর নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে একজন শিল্পীকে।