‘আমি কখনও রাজনীতি করিনি, করবও না’
সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হককে নিয়ে স্বরচিত একটি লেখা ফেইসবুকে পোস্ট করলে কমেন্টবক্সে ভক্তরা দাবি তোলেন, অনন্ত জলিলকেই তারা মেয়র হিসেবে চান। পরের স্ট্যাটাসে রাজনীতিতে নিজের অনাগ্রহের কথা জানান এ অভিনেতা।
রোববার সন্ধ্যায় দেওয়া এক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন, “আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ। আমার অনেক শুভাকাঙ্খীরা চাইছেন আমাকে মেয়র হিসেবে দেখতে। সেই বন্ধুদের বলছি, এ বক্তব্য আমার প্রতি আবেগের বহিঃপ্রকাশ। আমি কখনও রাজনীতি করিনি, করবও না।”
গত শুক্রবার মেয়র আনিসুল হককে নিয়ে একটি লেখা নিজের ভেরিভায়েড ফেইসবুক পেইজে শেয়ার করে অভিনেতা অনন্ত জলিল। পোস্টটির কমেন্টবক্সে ফেইসবুক ব্যবহারকারীরা জানান, পরবর্তী মেয়র হিসেবে তারা অনন্ত জলিলকেই চান। তার প্রেক্ষিতেই রোববার দেওয়া আরেক স্ট্যাটাসে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন এ অভিনেতা।
আলোচিত এ অভিনেতা তার স্ট্যাটাসে পরবর্তী মেয়রের কাছে নিজের প্রত্যাশার কথাও জানান।
তিনি উল্লেখ করেন, ‘দেশের অনেক যোগ্য রাজনীতিবিদ আছেন। তারাই আসবেন রাজনীতিতে এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন আমি আশাকরি। যোগ্য একজন রাজনীতিবিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলবেন। প্রয়াত মেয়র আনিসুল হকের অবাস্তবায়িত স্বপ্নগুলো পূরণ করবেন।’
ছবি: ফেইসবুকে দেওয়া দুটি স্ট্যাটাস।
নিজে রাজনীতিতে না জড়ালেও সমাজ সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’সহ বেশকিছু আলোচিত চলচ্চিত্রের এ অভিনেতা, প্রযোজক।
বলেন, “আগেও যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশাকরি সবসময় একই ভাবে আমার পাশে থাকবেন। আর আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই।”
টিভি উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা পাওয়া আনিসুল হক পরে ব্যবসায়ীদের নেতা হিসেবে পরিচিতি পান। ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন।
গত ২৯ জুলাই স্ত্রী রুবানা হককে নিয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ অগাস্ট তাকে লন্ডনের এক হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে তার মৃত্যু হয়। শনিবার বিকালে ঢাকার বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
