২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের জন্য পাগল সাইমন

শুরু হয়েছে বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ সিনেমার নির্মাণ কাজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:45 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাইমনের সাথে এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন গ্লিটজকে বলেন, ‘‘একটা ছেলের জন্য মা কতটা জরুরি সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি সিনেমায়। একজন মা কেন শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে?

যে মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করলেন, বুকে আগলে বড় করলেন। তার শেষ আশ্রয় তো বৃদ্ধাশ্রম হতে পারেনা। মায়ের প্রতি ভালোবাসা ঠিক কোন পর্যায়ের হওয়া উচিৎ আমি সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের সিনেমাটা ভালো লাগবে। ”

সাইমন গ্লিটজকে বলেন, ''আমার চরিত্র একটা মা-ভক্ত ছেলের। আমার কাছে এমন চরিত্রকে সবচেয়ে সোজা মনে হয়। কারণ এখানে অভিনয়ের কিছু নেই, পুরোটাই বাস্তব। আর বাস্তবে মায়ের জন্য আমরা সবাই তো পাগল।''

তিনি আরও বলেন, ''খোকন স্যার গুণী নির্মাতা। তার হাতে যে কোনো সাধারণ গল্পও প্রাণ পায়। আর এই সিনেমার গল্পটি এত দারুণ যে দর্শক প্রিয়তা পেতে বাধ্য।''

এ সিনেমায় সাইমনের চরিত্র একটি বখে যাওয়া ছেলের, যে ছোট বেলায় মাকে হারিয়ে ফেলে। স্মৃতি বলতে শুধু মায়ের ছবি। একদিন রাস্তায় সাইমন দেখা পান মা সুচরিতার। কিন্তু মা বিশ্বাস করতে চায়না যে সাইমনই তার হারিয়ে যাওয়া ছেলে।

এতে দমেনা ছেলে। মা যেখানেই যায় সেখানেই মায়ের পিছু নেয় সে। এভাবে একদিন থানায় যায় মা। সেখানে পুলিশ তাকে অপমান করে। সেখান থেকে সাইমন তাকে উদ্ধার করে। কিন্তু তারপরেও সুচরিতা স্বীকার করেনা ছেলেকে। এভাবেই চলতে থাকে সিনেমার গল্প।

শনিবার রাতে এফডিসির ১ নাম্বার ফ্লোরে শুটিং হয়েছে।

‘আমার মা আমার বেহেশত' সিনেমায় সাইমনের-মাহিয়া মাহি ছাড়াও রয়েছেন আলী রাজ, সুচরিতা, মিশা সওদাগর, চিকন আলী প্রমুখ।