২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় সার্ক নৃত্য উৎসব ২০১৭

শিল্পকলায় শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী সার্ক নৃত্য উৎসব ২০১৭।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 08:51 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭। উৎসবে বাংলাদেশসহ ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভারতের নৃত্যশিল্পীরা তাদের দেশের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্ক কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষকতায় আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

আগামীকাল বৃহস্পতিবার  বিকাল ৫টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

চারদিনব্যাপী এ আয়োজনে শুধু নৃত্য উৎসবই নয়, পাশপাশি সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ অনুষ্ঠিত হবে ভিন্ন আয়োজনে।

এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসব প্রসঙ্গে তথ্য দেন লিয়াকত আলী লাকী, সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ওয়াসান্তে কতোয়ালাসহ একাডেমি ও সার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্ক হস্তশিল্পের প্রদর্শনী চলবে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় । সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও কর্মশালা ২০১৭ তে অংশগ্রহণ করবেন ২২জন শিল্পী।

সেমিনার কক্ষে ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সেমিনার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আগামী ১ ও ২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নৃত্য কর্মশালা। ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ও কর্মশালায় অংশগ্রহণ করবেন বিদেশী ১৭ জন শিল্পী।

বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পীরাও কর্মশালা এবং উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

উৎসবে দেশী ও  বিদেশী শিল্পীদের সমন্বয়ে একাডেমি প্রাঙ্গণে নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে।