শান্তি চুক্তির দুই দশক পূর্তি’তে কনসার্ট
পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে রাঙামাটি জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে তারকাবহুল বিশেষ কনসার্ট।
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি সাক্ষরের দুই দশক পূর্তি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তিতে পাহাড়ি জনগনের অবস্থান ও মর্যাদার স্বীকৃতি আছে।
এ উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাঙামাটি জেলা স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বিশেষ কনসার্ট।নাচে গানে উদযাপন হবে শান্তি চুক্তির ২০বছর পূর্তি।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হবেন।
এই অনুষ্ঠানে বিশেষ গানের সঙ্গে নাচ প্রদর্শন করবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ মৌসুমী ও ওমর সানী।
তানিয়া হোসেন এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঞ্চালনায় এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন মমতাজ, কনক চাঁপা, ফিডব্যাক, বাংলাদেশি আইডল খ্যাত মং, হৈমন্তী রক্ষিত মান প্রমুখ।
আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি দেশ টিভি সরাসরি সম্প্রচার করবে। এটি প্রচারিত হবে শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
