২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৯ হলে মুক্তি পাচ্ছে তৌকিরের ‘হালদা’

আগামী ১ ডিসেম্বর ৮৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তৌকির আহমদে পরিচালিত চলচ্চিত্র ‘হালদা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 07:21 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

এফডিসি ঘরানার বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরে সিনেমা রিলিজে হল মালিকদের খুব একটা আগ্রহ না থাকলেও এবার তৌকির আহমেদের ক্ষেত্রে হলো ব্যতিক্রম।

প্রায় নব্বইটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘হালদা’। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিবেশক জাহিদ হাসান অভি।

তিনি বলেন, “৮৯টি হলে চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যাপারে নিশ্চিত হয়েছি। হল মালিকরা আগ্রহের সঙ্গে ‘হালদা’ প্রদর্শনে সম্মত হয়েছেন। আশা করছি এ সংখ্যা আরও বাড়বে।

শতাধিক হলে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার লক্ষ্য আমাদের। এছাড়াও ডিসেম্বরেই দেশের বাইরে ১৬টি দেশে চলচ্চিত্রটি মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়েছি।”

মুক্তির আগে চলচ্চিত্রটির প্রচার প্রচারণায় ব্যস্ত নির্মাতা-শিল্পী ও কলাকুশলীরা। বিলবোর্ড, পোস্টারিং ছাড়াও ঘোড়ার গাড়িতে প্রচারণার কাজ করছে ‘হালদা’ টিম।

ইতিমধ্যেই চলচ্চিত্রটির ট্রেইলার এবং দু’টি গান মুক্তি পেয়েছে ইউটিউবে।

এই নদী, নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটির গল্পে।

আজাদ বুলবুলের রচনায় চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তৌকির নিজেই।

ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। আরো অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।