২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল ‘ফোক ফেস্ট’

প্রান্তিক মানুষের আবেগ-অনুরাগ, সুখ-দুঃখ আর নিত্যকার পথচলা নিয়ে যে গান, শুরু হল তার উৎসব।

জয়ন্ত সাহা

ও রিফাত রহমান, নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 11:06 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের আটটি দেশের শেকড়সন্ধানী এই গান নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক লোকসংগীত উৎসব উদ্বোধন হয়।

তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের প্রায় ১৪০ শিল্পী অংশ নিচ্ছেন। সঙ্গে লোকজ বাদ্যযন্ত্রের ধুন আর নৃত্য পরিবেশনাও থাকছে।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সান কমিউনিকেশনের আয়োজনে এই উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ‘ওয়ার্ল্ড মাস্টার’খেতাবপ্রাপ্ত লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।

উদ্বোধনের সময় মুহিত বলেন, “তৃতীয়বারও আমি উদ্বোধন করছি, এই আসরটি তাই বিশেষ কিছু।”

বাংলার মানুষের সাংস্কৃতিক রুচির বিকাশে লোকগানের আন্তর্জাতিক আসরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

“এই আসরটি আমাদের রুচির বিকাশের পাশাপাশি একইসঙ্গে বিনোদনই দিচ্ছে। এটাই তো আমাদের চরিত্র।”

Image
ঢাকার আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় সান কমিউনিকেশনের আয়োজনে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় সান কমিউনিকেশনের আয়োজনে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আসিফ মাহমুদ অভি

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, “অর্থনীতি চাকা যখন ঘুরছে, তখন সংস্কৃতির বিকাশ যতটুকু হওয়ার দরকার ছিল, ততটুকু কিন্তু হয়নি। সংস্কৃতির বিকাশে এই উৎসবটি খুব তাৎপর্যপূর্ণ।”

ইন্দ্রমোহন রাজবংশী লোকসংগীত আসর নিয়ে বলতে এসে শোনালেন, ‘সময় পাইলে বাংলাদেশে আসিও ভিনদেশী বন্ধুরে’।

পরে ধন্যবাদ জ্ঞাপন করেন সান কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সান কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত এই উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত দেড়টা অবধি চলবে।

এবারের উৎসবে বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, আলেয়া বেগম, বাউলা। এছাড়া থাকবে মাছরাঙা টেলিভিশনের লোকসঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার শিল্পীদের পরিবেশনা।

এবারের উৎসবে যোগ দিতে ভারত থেকে এসেছেন পাপন, নুরান সিস্টার্স, বাসুদেব দাস বাউল, মালি থেকে আসবে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী তিনারিওয়েন ব্যান্ড। পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড, নেপালের কুটুম্বা, তিব্বতের ফোক শিল্পী তেনজিন চোয়েগালের পাশাপাশি আসর মাতাবেন ইরানের রাস্তাক, ব্রাজিলের মোরিসিও তি জুমারা।

Image
‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎস’বে বৃহস্পতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন পরিবেশনা। ছবি: আসিফ মাহমুদ অভি

‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎস’বে বৃহস্পতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন পরিবেশনা। ছবি: আসিফ মাহমুদ অভি

অঞ্জন চৌধুরী জানান, এবারের আসরে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের চেয়ে গ্রামবাংলার লোকগানের সাধকদের তুলে আনতেই গুরুত্বারোপ করা হয়েছে।

আসরের প্রথম দিনের আয়োজনে গেয়ে শোনান ম্যাজিক বাউলিয়ানার শিল্পীরা, বাংলাদেশের শিল্পী ফকির শাহাবুদ্দিন, ব্রাজিলের মোরিসিও তিজুমবা ও তার দল সেক্সটেট, তিব্বতের তেনজিন চো’য়েগাল, ভারতের পাপন।

ম্যাজিক বাউলিয়ানারা শিল্পীরা প্রথমে পরিবেশন করেন লালন সাঁইজির গান ‘ধন্য ধন্য বলি তারে’। পরে তারা শোনান মরমি গানের কিংবদন্তী শিল্পী হাসন রাজার ‘বাউলা কে বানাইলো রে’।

বাউল ও সুফি গানের সাধক শিল্পী ফকির শাহাবুদ্দিনের পরিবেশনা ছিল এরপরই।  তিনি একে একে শোনান ‘ওহে দীনবন্ধু দয়া করো আমারে’, ‘তুই যদি হইতি গলার মালা’, ‘ও আমার প্রাণসখা’, ‘বন্দে মায়া লাগাইছে’। সবশেষে তিনি শোনান ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’।

তারপরেই মঞ্চে আসে ব্রাজিলিয়ান ফোক তারকা মোরিসিও তিজুমবা ও তার দল সেক্সটেট।

গানের এক ফাঁকে জানা গেল সেক্সটেট গঠনের ইতিহাস। সাম্বা নাচের আসরে গিয়ে মজে যায় ছোট্ট মোরিসিও। সুর-ছন্দে এতই বিমোহিত হয়ে পড়েন যে বাকি জীবনটা তিনি লোকগান গেয়ে কাটাবেন বলে মনস্থির করেন। একপর্যায়ে গড়ে তুলেন দল সেক্সটেট। ব্রাজিলিয়ান লোক গানকে তারা নিয়ে চলেছেন বিশ্বেও নানা প্রান্তে। ঐতিহ্যবাহী সাম্বাকে নানা আঙ্গিকে তারা তুলে ধরেছেন অগণিত দর্শক আর শ্রোতার কাছে।

ইলেকট্রিক গিটার আর ড্রামস- এই নিয়ে সাতজনের দল। ছয়জন বাদ্যযন্ত্রীর সঙ্গে লিড ভোকালে মোরিসিও তিজুমবা।

Image
‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎস’বে বৃহস্পতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে মাছরাঙা টেলিভিশনের লোকসঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার শিল্পীদের পরিবেশনা। ছবি: আসিফ মাহমুদ অভি

‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎস’বে বৃহস্পতিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে মাছরাঙা টেলিভিশনের লোকসঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার শিল্পীদের পরিবেশনা। ছবি: আসিফ মাহমুদ অভি

তারুণ্যের প্রেম-উল্লাস, অচলায়তন ভেঙে সামনে এগিয়ে যাওয়ার গল্প বলে চলে তারা।  ড্রামস-গিটারের ধুনে মাতোয়ারা গোটা স্টেডিয়াম। তিজুমবার গানের মর্মার্থ না বুঝলেও সুরের ছন্দে নেচে গেয়ে উঠে গোটা স্টেডিয়াম। ঐতিহ্যের সাম্বার সঙ্গে পাশ্চাত্যের জাজ ঘরানার ছাপ পাওয়া যায় তাদের গানে।

মাঝে উদ্বোধনী আসরের পরে  মঞ্চে আসেন তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল।

বরফগলা এক নদীর পাড়ে তিব্বতের ছোট্ট গ্রাম, সেই গ্রামের গানগুলোই ড্রানিয়েন গিটার আর লিংবু বাঁশিতে পরিবেশন করলো তার দল। ঝিরিপথে পাহাড়ি নদীর গল্প, পাহাড়ের মানুষের প্রেমঅনুরাগ আর জীবনসংগ্রামের কথামালা নিয়ে সাজানো হয় সে গান। তিব্বতের সেই পাহাড়ি সন্তান তেনজিন চোয়েগাল কণ্ঠে পাওয়া যায় পাহাড়, ঝরনা, বরফের আবেশ। পড়াশোনা আর জীবিকার তাগিদেভারত আর অস্ট্রেলিয়া প্রবাসে থাকলেও ভুলে যাননি তার শেকড়কে। জন্মভূমির সুর, গানকে তিনি নিয়ে চলে বিশ্বেও আনাচে-কানাচে। নিজের সুরকে নিয়ে করছেন নানা নিরীক্ষাও।

‘অংগরাগ মহন্ত’ নামটি একটু অচেনাই লাগতে পারে!  ভারতের লোকগানের তারকার একটি পরিচয় ‘পাপন’, আগে পরে কিচ্ছুটি নেই। আসামের দুই জনপ্রিয় শিল্পী খগেন মহন্ত ও অর্চনা মহন্তের ছেলেটি যে সুরের নেশায় ছুটবে, সে তো অনুমিতই ছিল। বাংলা, হিন্দি, আসামিসহ ভারতের বিভিন্ন ভাষার লোকগানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের লোকগানের দারুণ সব ফিউশন করছেন তিনি।

প্রথম দিনের আসরের সর্বশেষ পরিবেশনাটি ছিল তার।

উৎসবের দ্বিতীয় দিনের আসরে পারফর্ম করবে বাংলাদেশের বাউলা ব্যান্ড,  লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান, নেপালের কুটুম্বা, পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড, বাংলাদেশের শাহজাহান মুন্সী ও সবশেষে ভারতের নুরান সিস্টার্স।

শনিবার, শেষ দিনের আসরে পারফর্ম করবেন বাংলাদেশের শাহ আলম সরকার ও আলেয়া বেগম, বাংলাদেশ শাহনাজ বেলী,  ইরানের রাস্তাক, ভারতের বাসুদেব দাস বাউল, মালির তিনারিওয়েন।

প্রথম দিনের মতো উৎসবের বাকি দুই দিনও আসর শুরু হবে সন্ধ্যা ৬টায়। শেষ হবে রাত দেড়টায়।