১২ বছর পর মঞ্চে আবার ‘নিত্যপুরাণ’
প্রায় ১২ বছর পর আবারও মঞ্চে আসছে দেশ নাটকের ১৫তম প্রযোজনা ‘নিত্যপুরাণ।’ ১০ ও ১১ নভেম্বর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। এটি একটি নাট্যকার নির্দেশিত নাটক। ২০০১ সালে নাটকটি প্রথম মঞ্চায়িত হয়। ২০০৫ সালে ৮৬তম মঞ্চায়নের পরে আর মঞ্চস্থ হয়নি নাটকটি।
নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, “মহাভারত পাঠকালে একলব্যকে আমার খুব কাছের মানুষ বলে মনে হয়েছে, মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছে হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে।”
তিনি আরও বলেন, “ ‘নিত্যপুরাণ’ লিখতে গিয়ে যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছি তা হলো, এই নাটকটিকে আমি সময়-নিরপেক্ষ নাটক হিসেবে দাঁড় করাতে চেয়েছি। অর্থাৎ আমি একই সাথে চেয়েছি মহাভারতের ভেতর থাকতে আবার এখনকার কথাও বলতে।”
এতে একলব্য চরিত্রে রূপদান করেছেন মামুন চৌধুরী রিপন, ব্যাসদেব চরিত্রে আসিফ হাসান, যুধিষ্ঠিরের চরিত্রে কামাল আহমেদ, ভীমসেন চরিত্রে ফিরোজ আলম, অর্জুনের চরিত্রে লরেন্স উজ্জ্বল গমেজ, নকুল চরিত্রে হোসাইন নিরব, সহদেবের চরিত্রে মাইনুল হাসান মাঈন, দ্রোণাচার্যের চরিত্রে সমাপন সরকার এবং দ্রৌপদীর চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা।
অন্যান্য চরিত্রে আছেন সুষ্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমাত জেরিন, কাজী লায়লা বিলকিস, সানজিদা লতা, সালমান লিমন ও আবিদুর রহমান আদর।
নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, পোশাক পরিকল্পনায় শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় নাসিরউদ্দিন শেখ, আবহসংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন। রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি পরিকল্পনায় মোঃ আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু ।
নাটকে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। নিত্যপুরাণ নাটকের সহকারী নির্দেশকের দায়িত্ব পালন করেছেন অয়ন চৌধুরী।
