২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ভিডিওতে নতুন লুকে আসিফ

‘নেই প্রয়োজন’ শিরোনামের গানে নতুন লুকে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 06:02 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

শুধু গানেই নয়, মিউজিক ভিডিওতেও নিত্যনতুন রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ। চলতি বছর জুলাইতে চিত্রনায়িকা পপি’র সঙ্গে জুটি বেঁধে গানচিলের ব্যানারে আসিফ উপস্থিত হন তার ‘লাল সাদা’ শিরোনামের গানে।

শুধু অভিনয়েই নয়, নাচেও আসিফ দেখিয়েছেন চমক। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ‘আগুন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি ছিলো তার আলোচিত গানের একটি। এবার একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন আসিফ।

‘আমার আর কিছু নেই প্রয়োজন, তুমি ভালোই আছো জেনে গেছে মন’ এমন কথামালায় গানটি সাজিয়েছেন গোলাম কবির রনি এবং সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। সম্প্রতি ‘নেই প্রয়োজন’ শিরোনামের এ গানটির শুটিং হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। গানের ভিডিওতে আসিফ আকবের সাথে মডেল হিসেবে অভিনয় করেছেন ‘কন্যারে’খ্যাত মডেল সুস্মিতা সিনহা।

নিজের এই নতুন লুকে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেন,“এরকম কাজ এর আগে আর হয়নি। এরকম লুকেও দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামি দেখতে পাবে। সত্যি কথা বলতে, প্রেম বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা এবং তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা এনজয় করবে গানটি।”

মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রোডাকশন)। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম।

গানটির মিউজিক ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা শুভব্রত সরকারও।  তিনি বলেন, “প্রথমবার আমি আসিফ ভাইয়ের একক গানের কাজ করলাম। আমি আনন্দিত, আমি গর্বিত। এর আগে আসিফ ভাইকে রোমান্টিক লুকে দর্শকের সামনে হাজির করেছিলাম আর এবার রকস্টার প্রেমিক পুরুষ হিসেবে হাজির করছি। আমার জীবনের একটি স্মরণীয় কাজ হয়েছে এটি। আর নিঃসন্দেহে আসিফ ভক্তদের জন্যও।”

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা যায়, খুব শিগগিরই গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।