২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা মৌ, পরিচালক তৌকির

নির্মাতা অঞ্জন আইচের ‘তীরন্দাজ’ নামে এক ধারাবাহিকে পরিচালকের চরিত্রে অভিনয় করছেন তৌকির আহমেদ। নায়িকার চরিত্রে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 10:02 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

বেশ কয়েকটি চলচ্চিত্র ফ্লপ হওয়ার পর ইন্ডাস্ট্রির সবাই জয়িতাকে (মৌ) বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পাওয়া তো দুরের কথা চুক্তিবদ্ধ হওয়া তিন সিনেমা থেকেও বাদ পড়ছে সে। তখনই হঠাৎ তার সঙ্গে পরিচয় হয় অর্ক (তৌকির) নামে এক নবীন পরিচালকের সঙ্গে। বয়সে তরুণ হলেও অভিজ্ঞতায় কমতি নেই অর্কের।

আস্তে আস্তে জয়িতার ক্যারিয়ারের অন্ধকার কমতে থাকলেও অর্কের ভাগ্য সহায় হয় না। কোনো প্রযোজকই তার চলচ্চিত্রে টাকা লগ্নি করতে চায় না। এক সময় জয়িতা অর্কের চলচ্চিত্রে টাকা লগ্নি সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধেন জয়িতার স্বামী। নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

তৌকির ও মৌ ছাড়াও ধারাবাহিকে আরো অভিনয় করেন তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অপর্ণা, অহনা, আরফান, বাঁধন, আ. খ. ম. হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, প্রিয়া আমান প্রমুখ।

পরিচালনার পাশাপাশি নাটকটির কাহিনী, চিত্রনাট্যও করেছেন অঞ্জন আইচ। তিনি বললেন, “চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানা ঘটনাকে ঘিরে নির্মাণ করা হয়েছে নাটকটি। পাশাপাশি আমাদের চারপাশের গল্পও উঠে এসেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায় নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে।