প্রভাসের আকাশচুম্বী পারিশ্রমিক, নাখোশ করণ ?
‘বাহুবলী’ তারকা প্রভাসকে নিয়ে বলিউডে ছবি বানানোর ইচ্ছে থাকলেও, তার আকাশচুম্বী পারিশ্রমিকের কারণে সে পরিকল্পনা বাদ দিতে চলেছেন পরিচালক করণ জোহর।
‘বাহুবলী- ১ ও ২’ এর জন্য পাঁচ বছর অন্য কোনো সিনেমার কাজ হাতে নেননি দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা প্রভাস। তার এ পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। ‘বাহুবলী’র জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি জিতে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়।
এ মুহূর্তে তাই হাওয়ায় ভাসছেন প্রভাস এ আর নতুন কি! তবে ‘বাহুবলী’ দিয়ে রাতারাতি বিশ্বখ্যাত তারকায় পরিণত হওয়া প্রভাস এ মুহূর্তে ছবি প্রতি পারিশ্রমিক হাঁকাচ্ছেন প্রায় ২০ কোটি রুপি!
‘বাহুবলী’র বিপুল সাফল্যের পর প্রভাসকে নিয়ে বলিউডে সিনেমা বানাতে আগ্রহী ছিলেন ‘বাহুবলী ১ ও ২’ এর হিন্দি প্রযোজক করণ জোহর। বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার এ ইচ্ছের কথা জানিয়েছেনও তিনি। তবে প্রভাসের আকাশচুম্বী পারিশ্রমিক হতাশ করেছে তাকেও।
সম্প্রতি এক টুইট পোস্টে করণ লিখেছেন, “প্রিয় উচ্চাকাঙ্খা, যদি জীবনে সত্যিই সফল হতে চাও তবে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। এটা তোমার চিরশত্রু।” প্রভাসের উদ্দেশ্যেই কথাগুলো লিখেছেন করণ- এমনটাই ধারণা করছেন সবাই।
এ মুহূর্তে এস শঙ্কর পরিচালিত ‘সাহো’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন প্রভাস। তামিল, তেলুগু ও হিন্দি- তিন ভাষায় নির্মিতব্য এ সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ২০১৮ সালে মুক্তি পাবে সিনেমাটি।
