যুক্তরাষ্ট্রের শর্টসটিভি-তে বাংলাদেশের ‘দাগ’
বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ প্রচারিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত টিভি চ্যানেল শর্টসটিভি নেটওয়ার্ক-এ। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
জসীম আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দাগ’-এর যুক্তরাষ্ট্র প্রিমিয়ার হচ্ছে শর্টসটিভি নেটওয়ার্ক-এর আগামী ৩ নভেম্বর রাত ১০টায়। এর মাধ্যমে প্রথমবারের মত বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের মূলধারার টেলিভিশনে প্রচারিত হবে।
ওয়ার্ল্ড হোম অব শর্ট মুভিজ খ্যাত শর্টসটিভি প্রতিবছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার করে আমেরিকা ও ইউরোপে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের চ্যানেল রয়েছে।
চলতি বছরে নির্মিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে ‘দাগ’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল। আবহসংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।
কান চলচ্চিত্র উৎসবের ৭০ তম আসরের শর্টফিল্ম কর্ণারে নির্বাচিত হয়ে ছবিটি আলোচনায় আসে। সেখান থেকেই এর টেলিভিশন লাইসেন্স পায় যুক্তরাজ্য ভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল।
নির্মাতা জসীম আহমেদ এ প্রসঙ্গে বলেন, “আমাদের টার্গেটই ছিলো বিজয় দিবসের কাছাকাছি সময়ে আমেরিকায় প্রিমিয়ার হবে এবং ডিসেম্বর ২০১৭ ও জানুয়ারি ২০১৮ জুড়ে হবে ইউরোপের বিভিন্নদেশে। বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে নির্মিত ছবিটি ওয়ার্ল্ড সিনেমা হিসেবে বিশ্ববাসীকে দেখাতে পারার অসাধারন এক অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
নর্থ আমেরিকা প্রবাসীরা ডিরেক্ট টিভি’র চ্যানেল ৫৭৩, এটিএন্ডি ইউ-ভার্স’র চ্যানেল ১৭৮৯, ইউ এস সনেট’র চ্যানেল ২৯২, সেঞ্চুরি লিংক চ্যানেল ১৭৮৯, ফ্রন্টিয়ার কমিউনিকেশন্স’র চ্যানেল ১৭৮৯ এবং গুগল ফাইবার চ্যানেল ৬০৩ এর মাধ্যমে উপভোগ করতে পারবেন চলচ্চিত্র ‘দাগ’।
