আরণ্যকের ‘দীপু স্মৃতি পদক’ পেলেন জ্যোতি সিনহা
আরণ্যক প্রবর্তিত ‘দীপু স্মৃতি পদক- ২০১৭’ পেলেন মণিপুরি থিয়েটারের অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসবে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালায় এই পদক প্রদান করা হয়।
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান জ্যোতির হাতে তুলে দেন বাংলাদেশের নাট্যাঙ্গনের গুরুত্বপূর্ণ এই পদক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, শুভাশিস সিনহা, অলোক বসু, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকারসহ অনেকে।
এর আগে পদকটি পেয়েছেন শিমুল ইউসুফ, তারিক আনাম খান, এস এম সোলায়মান, ত্রপা মজুমদার, মলয় ভৌমিক ও ঝিমিত চাকমা।
জ্যোতি সিনহা ২১ বছর ধরে মণিপুরি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। তিনি একাধারে অভিনেত্রী, নির্দেশক, কস্টিউম ডিজাইনার ও কোরিওগ্রাফার। অভিনয় করেছেন ২০টিরও অধিক নাটকে। তার মধ্যে ‘কহে বীরাঙ্গনা’, ‘লেইমা’, ‘দেবতার গ্রাস’, ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ‘ইঙাল আঁধার পালা’, ‘বিদেহ’ উল্লেখযোগ্য।
তার অভিনীত একক নাটক ‘কহে বীরাঙ্গনা’ বাংলা নাট্যমঞ্চে এক অনবদ্য সংযোজন। কর্মের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে পেয়েছেন প্রাচ্যনাট তরুণ নাট্যকর্মী সম্মাননা, জীবন সংকেত নাট্যগোষ্ঠী সম্মাননা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য প্রকাশনা সংস্থা ‘পৌরি’র সম্মাননা। এছাড়াও ভারতের আসামের মণিপুরি অডিও ভিজ্যুয়াল এল এল প্রোডাকশন তাকে ‘রত্ননন্দিনী’ খেতাব প্রদান করে।
