মোস্তফা সরয়ার ফারুকী চমৎকার নির্মাতা: ইরফান খান
বাংলাদেশের বড়পর্দায় এই প্রথম ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্র তিনি। ছবিটি মুক্তি পেলো আজ। তার আগে গতকাল কলকাতায় ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হলেন স্মৃতিকাতর ইরফান ।
বলিউড নির্মাতা অনুপ সিং, মোস্তফা সরয়ার ফারুকীর বন্ধু। তার পরিচালিত ‘কিসসা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। হলিউড-বলিউড মাতানো এই অভিনেতাকে পেতে ফারুকী তাই ধর্ণা দিলেন বন্ধুর কাছে।
অনুপ সিং সেতু হয়ে ফারুকীকে পৌঁছে দিলেন ইরফান খানের কাছে। ইরফান পড়তে চাইলেন স্ক্রিপ্ট। কিন্তু স্ক্রিপ্ট পাঠানোর পর দীর্ঘদিন কোনো উত্তর নেই। উত্তর যখন এলো ফারুকী তখন জানলেন, স্ক্রিপ্ট পছন্দ হয়েছে ইরফানের। দেরি হলো কারণ, ইরফান এতদিন জেনেছেন ফারুকী সম্পর্কে। দেখেছেন তার ছবি।
তারপরের গল্পটা বন্ধুত্বের, নির্মাণের। যার ফলাফল-‘ডুব’। বছরের বহুল আলোচিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দেশের ৪০টি প্রেক্ষাগৃহ ছাড়াও ভারতের ৩৪ টি ও অস্ট্রেলিয়ার ৮টি সিনেমা হলে। ‘ডুব’ মুক্তি উপলক্ষে কলকাতায় প্রিমিয়ারে এসেছিলেন ইরফান খান। তারা ঝলমল প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন ।
“মোস্তফা সরয়ার ফারুকী চমৎকার নির্মাতা। একজন গ্রেট ফিল্ম মেকার। তার কাছে আমি যেটা প্রত্যাশা করেছি, খুবই আন্তরিক এবং উৎসাহী মানুষ। আমি কখনো ভুলবো না, আমার ব্যস্ত শিডিউলের মধ্যেও সে যেভাবে ছবিটির জন্য আমার সময় বের করে নিয়েছে।”-এভাবেই ‘ডুব’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে মন্তব্য রাখলেন ইরফান।
ইরফানের স্ত্রী সুতপা শিকদার বাঙালি। বাংলাদেশিও বলা চলে। তার পূর্বপুরুষ যে বাংলাদেশের। তবে, বাংলার সঙ্গে ইরফানের সত্যিকারের যোগ এখানকার সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমেই। বললেন, “সুজিত সরকার-পিকু নির্মাতা, ঋত্বিক ঘটক আমার খুব প্রিয় নির্মাতা, রবীন্দ্রনাথ ঠাকুর-এখানকার সাহিত্য। বাংলা আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।
‘ডুব’ চলচ্চিত্রে নিজের চরিত্রটিকে বর্ণনা করলেন এভাবে, “সে একজন চলচ্চিত্র নির্মাতা। মেয়ের প্রতি গভীর ভালবাসা-খুব সুন্দর একটা পরিবার আছে তার। সে একজন প্রেমিক। তবে, আমার মনে হয়, মানুষ আমার চরিত্র সম্পর্কে জানতে চায় না। তারা ছবিটি দেখতে চায়। তাদেরকেই জিজ্ঞেস করা উচিত আমার চরিত্রটি কেমন ছিলো।”
ছবি দেখার জন্য অনুরোধ করলেন না ইরফান। বললেন, “ট্রেইলার দেখুন। ট্রেইলার দেখে যদি ইচ্ছা হয় ছবিটি দেখতে, তাহলেই দেখুন।”
‘ডুব’ চলচ্চিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা ও পার্ণো মিত্র।
