২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধাভরে গিরিজা দেবীকে স্মরণ করলেন তারকারা

মঙ্গলবার (২৪ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘ঠুমরি রানী’ গিরিজা দেবী। তার মৃত্যুতে শোকাহত ভারতীয় সংগীতাঙ্গন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 07:53 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

১৯২৯ সালের ৮ মে বেনারসে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী। খেয়াল ও টপ্পা গেয়ে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পীর বিশেষ দক্ষতা ছিলো কাজরি, চৈতি ও হোলি গানে।

মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বি এম বিড়লা হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা সংকটাপন্ন হলে সিসিইউ’তে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই রাত ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

এনডিটিভি জানায়, ‘ঠুমরী রানী’ গিরিজা দেবীর মৃত্যুতে তাৎক্ষণিক শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এতে বলা হয়েছে, “ভারতের শাস্ত্রীয় সংগীতকে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য গিরিজা দেবীর রয়েছে অসামান্য অবদান। জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে আজীবন।”

 

টুইটারে প্রিয় শিল্পীকে স্মরণ করেছেন লতা মুঙ্গেশকর।

তিনি লিখেছেন,“খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী আর আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। তার এ প্রস্থান শাস্ত্রীয় সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি। তার আত্মার শান্তি কামনা করছি।”

কবি, লেখক ও চিত্রনাট্যকার জাভেদ আখতার লিখেছেন, “গিরিজা দেবী আমাদের জাতীয় সম্পদ। তাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম।”

 
 

আরেক স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতশিল্পী আমজাদ আলী খান লিখেছেন, “গিরিজা দেবীর প্রস্থানের মধ্য দিয়ে শেষ হলো শাস্ত্রীয় সংগীতের একটি প্রজন্ম। তার শূন্যতা গভীরভাবে অনুভব করছি।”

টালিগঞ্জ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, “গিরিজা দেবীর মৃত্যুতে ভীষণ কষ্ট পেলাম। আমার মতো ‘ঠুমরি প্রেমী’দের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন।” 

 

এছাড়া সংগীত তারকা পঙ্কজ উদাস, সুভা মুদগাল সহ অনেকেই প্রয়াত এ শিল্পীকে স্মরণ করেছেন গভীর শ্রদ্ধায়।

গিরিজা দেবীর শেষ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের বারানসির গঙ্গার ঘাটে সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।

২০১৬ সালে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’ মাতিয়েছিলেন গিরিজা দেবী। সে সময় আবারও বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি।