২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতার বিচারক হবেন মোনালিসা

দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। যদিও ছুটিতে দেশে ফিরে মাঝে মধ্যেই দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। যুক্তরাষ্ট্র প্রবাসী এ তারকা বর্তমানে কর্মরত আছেন দেশটির টাইম টেলিভিশনের হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 06:56 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

৫ অক্টোবর জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকেই ভক্তদের জন্য নতুন খবর দিলেন মোনালিসা। ‘মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ খবর জানিয়েছেন তিনি। প্রতিযোগিতার ব্যানারের ছবি শেয়ার করে ফেইসবুকে মোনালিসা লিখেছেন, “প্রথম বাংলাদেশি হিসেবে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ প্রতিযোগিতার ২৬তম আসরে বিচারক হিসেবে আমন্ত্রণ পাওয়ায় অত্যন্ত গর্ব ও উত্তেজনা অনুভব করছি।”

২২ আগস্ট ‘মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতার চেয়ারম্যান ধর্মাত্মা শরণ স্বাক্ষরিত একটি চিঠিতে বিচারক হিসেবে আমন্ত্রণ পান মোনালিসা। তবে জন্মদিনেই ভক্তদের খরবটি জানালেন তিনি।

বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত ‘মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের গ্র্যান্ড বলরুমে ৮ অক্টোবর বসবে এ প্রতিযোগিতার আসর। ৬ অক্টোবর একই ব্যানারে অনুষ্ঠিত হবে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’।

চলতি বছর এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। জন্মদিনে ফেইসবুকে তারকা ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।