‘ঠগস অফ হিন্দোস্তান’ থেকে বিরতি নিলেন আমির
নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর প্রচারণার জন্য ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শুটিং থেকে সাময়িক বিরতি নিলেন আমির খান।
২০১৮ সালে মুক্তি পাবে আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখ প্রমুখ অভিনীত ‘ঠগস অফ হিন্দোস্তান’। এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করতে চলেছেন দুই মহাতারকা- অমিতাভ বচ্চন ও আমির খান।
মুক্তির আগে থেকেই তাই আলোচনায় রয়েছে সিনেমাটি। তবে ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর আগেই মুক্তি পাচ্ছে আমিরের নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘সিক্রেট সুপারস্টার’। এ মুহূর্তে এ ছবির প্রচারণার কাজেই ব্যস্ত রয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ফেইসবুক পোস্টে আমির জানান, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শুটিং থেকে বিরতি নিতে চলেছেন তিনি। এ মুহূর্তে তার সবটুকুই ‘সিক্রেট সুপারস্টার’-এর জন্য ব্যয় করতে চান তিনি। ১৯ অক্টোবর দিওয়ালী উৎসবের দিন মুক্তি পাচ্ছে আমিরের নতুন ছবিটি। এরপর আবারও ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শুটিংয়ে ফিরবেন তিনি।
কট্টর ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের লুকিয়ে গান গাওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।
এতে ‘শক্তি’ নামের এক দুশ্চরিত্র সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে! এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকমাৎ করেছিলেন তিনি।
‘দঙ্গল’ এর পর ‘সিক্রেট সুপারস্টার’ দিয়ে আবার বাজিমাৎ করবেন আমির- এমনটাই আশা ভক্তদের।
