সাবার বিপরীতে নিরব
প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধলেন নিরব-সোহানা সাবা। নির্মাতা সাইফ চন্দনের ‘আব্বাস’ নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন তারা। এটিই সোহানা সাবা অভিনীত প্রথম কোনো বাণিজ্যিকধারার সিনেমা।
২০ সেপ্টেম্বর থেকে পুরান ঢাকায় ছবির শুটিং শুরু হয়েছে। সূত্রাপুর, নারিন্দাসহ পার্শ্ববর্তী এলাকায় চলবে দৃশ্যধারণ।সিনেমায় পুরান ঢাকার তরুণের চরিত্রে কাজ করছেন নিরব।
গ্লিটজকে বললেন, “চরিত্রের নাম আব্বাস। আব্বাস পুরান ঢাকার একটা গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়ে যায়। অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে বিভিন্ন আজেবাজে কর্মকান্ডে জড়িয়ে পড়ে। সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিতি তৈরি হয়।”
আরো বললেন, “ছবির পরিচালক সাইফ চন্দনের ‘টার্গেট’ নামে আরো একটি সিনেমায় কাজ করেছি আগে। তার সঙ্গে অনেক আগে থেকেই বোঝাপড়া ছিল। আশাকরি ভালো কিছু হবে।”
এবার প্রথম অভিনেত্রী সোহানা সাবার বিপরীতে সিনেমায় অভিনয় করছেন নিরব। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বললেন, “অ্যাক্টিংয়ে তো খুব ভালো। আমাদের পরিচয় অনেক আগে থেকেই ছিল। দু’তিন বছর আগে একটা প্রোগ্রামে পারফর্ম করেছিলাম।”
লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমায় আরো অভিনয় করছেন শিবাশানু, ডন, জয়রাজ, সূচনা আজাদ প্রমুখ।
