২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৭

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৭’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 03:24 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর উদ্যোগে এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র আয়োজনে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৭’ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। খবরটি নিশ্চিত করেছেন কোর্স পরিচালক বেলায়াত হোসেন মামুন। 

তিনি জানান, মাসব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। শুধু তাই নয়, চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে প্রাথমিক ধারণাও প্রদান করা হবে।

মূলত চলচ্চিত্র অনুরাগী তরুণদের জন্য আয়োজিত এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্রের মনোবিশ্লেষণ, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে বলে জানান মামুন।

কোর্সে পাঠদান করবেন অগ্রজ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক তানভীর মোকাম্মেল, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পসমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র শব্দ প্রকৌশলী রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা এবং চলচ্চিত্র নির্মাতা রাজীবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালার একমাস মেয়াদী এই কোর্সে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে। কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭।