২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ঢাকা ডক ল্যাব

ঢাকা ডক ল্যাব শীর্ষক ছয় দিন ব্যাপী প্রামাণ্যচিত্র কর্মশালা শুরু হয়েছে শুক্রবার । চলবে ১৩ অগাস্ট অবধি। ঢাকা ইনডিপেনডেন্ট নেটওয়ার্ক আয়োজিত এ আয়োজন কর্মশালার পাশাপাশি থাকছে চলচ্চিত্র প্রদর্শনীও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 03:22 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

আন্তর্জাতিক এই কর্মশালা বিষয়ে বিস্তারিত জানানো হয় বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান-চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ। এ ছাড়া ছিলেন তারেক আহমেদ, এন রাশেদ চৌধুরী, সৈয়দ ইমরান হোসেন কিরমানী প্রমুখ।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন: ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও আফগানিস্তানের ২৫ তরুণ ও উঠতি চলচ্চিত্র নির্মাতা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলাদেশের ছয়জন এবং ভারতের সাতজন নির্মাতার নির্বাচিত প্রকল্প নিয়ে আলোচনা হবে। তাদের চিত্রনাট্যগুলো থেকে পছন্দমতো সংগ্রহ করতে পারবেন প্রযোজকেরা।

১০ সেপ্টেম্বর পাঠদান করবেন কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কিম দং উন। ‘মাস্টার ক্লাস’ শিরোনামে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই পাঠদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অন্য শিক্ষকদের মধ্যে থাকছেন ডেনমার্কের চলচ্চিত্রনির্মাতা ক্যারোলিনা লিডিন, ভারতের নিলোত্পল মজুমদার, যুক্তরাষ্ট্রের অড্রিয়াস স্টোনিস, ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্কের পরিচালক পল পওয়েলস, পর্তুগালের পপ ফিল্মসের পরিচালক ও প্রযোজক গ্রাকা কাস্টানহেইরা এবং জাপানের রয়োতা কোতানি।

আলোচক হিসেবে আরও থাকবেন সিলভিয়া বেডনার্জ, বোজানা ম্যারিক, ক্যামিলা নিয়েলসন, জেন রে এন. রাশেদ চৌধুরী, আমান আশরাফ ফয়েজ, আবু শাহেদ ইমন ও তমাল চক্রবর্তী।

৯ সেপ্টেম্বর দেখানো হবে কিম দং উন নির্মিত ডকুমেন্টারি ‘রিপ্যাট্রিয়েশন’। পরদিন ১০ সেপ্টেম্বর দেখানো হবে একই নির্মাতার ডকুফিল্ম ‘জুং ইল-উ, মাই ফ্রেন্ড’। ১১ সেপ্টেম্বর দেখানো হবে অড্রিয়াস স্টোনিজের ‘ওমেন অ্যান্ড দ্য গে-সিয়ার’। ১২ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘সিক্সটিনাইন মিনিটস অব এইটি সিক্স ডেজ’। ১৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মিরোস্লাভ জ্যানেকের ‘নরমাল অটিস্টিক ফিল্ম’।

আয়োজনটি বাংলাদেশ সরকার ও বেঙ্গল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি কসমস ফাউন্ডেশন এবং ওরিয়েন্টাল সার্ভিসেস লিমিটেডও এই আয়োজনে সহযোগিতা করছে।