‘বায়োস্কোপ’-এ তাহসানের মিউজিক ভিডিও
এবার ঈদে শ্রোতামহলে দারুণ সাড়া পেয়েছে তাহসানের অ্যালবাম ‘অভিমান আমার’। এবার গানগুলোর মিউজিক ভিডিও আনছেন তিনি। ভিডিওগুলো প্রকাশ হয়েছে গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ প্ল্যাটফর্মে। পাশাপাশি অডিও গানগুলো শোনা যাবে জিপি মিউজিকে।
বুধবার (৬ অগাস্ট) রাজধানীর জিপি হাউসে আয়োজিত অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে এমনটা জানানো হয়েছে।
অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। তাহসান নিজেই অ্যালবামের ছয়টি গান লিখেছেন। আর একটি গান সম্মিলিতভাবে লিখেছেন ফাজবির তাজ ও তাহসান। তিনটি গান কম্পোজ করেছেন তাহসান এবং দুটি করে আরও চারটি গান কম্পোজ করেছেন সাজিদ সরকার ও নাহিদ নোমান অরূপ।
জনপ্রিয় আন্তর্জাতিক ব্যান্ড ‘লিঙ্কিন পার্ক’ থেকে অনুপ্রাণিত তাহসান অ্যালবামের ‘কষ্ট’ গানটি উৎসর্গ করেছেন ‘লিঙ্কিন পার্ক’-এর লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনকে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং সোলাইমান আলম বলেন, “তাহসান খানের নতুন অ্যালবাম এবং মিউজিক ভিডিও শুধুমাত্র জিপি মিউজিক এবং বায়োস্কোপে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। সারা বিশ্বের বাংলাভাষী মানুষের জন্য আমরা বিনোদনের ইকো সিস্টেম গড়ে তোলার যে আপ্রাণ চেষ্টা করে চলেছি, শুধুমাত্র ভালো কন্টেন্টই পারে আমাদের সে চেষ্টাকে সকলের কাছে পৌঁছে দিতে। আমরা আশা করি তাহসানের এই নতুন অ্যালবাম এবং মিউজিক ভিডিও আমাদের দর্শকদের ভালোবাসা পেতে সাহায্য করবে।”
