তাকে আমি অনেক ভালোবাসতাম: কঙ্গনা
ভারতীয় টিভি অনুষ্ঠান ‘আপ কি আদালত’এ কথিত সাবেক প্রেমিক হৃতিক রোশান প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করে আবারও আলোচনায় কঙ্গনা রানাউত।
গত বছর জুড়ে বলিউডের অন্যতম আলোচিত বিষয় কঙ্গনা রানাউত ও হৃতিক রোশানের কথিত প্রেম ও পরস্পরের বিরুদ্ধে নোংরা কাদা ছোঁড়াছুঁড়ি ।
‘আশিকি-থ্রি’ থেকে কঙ্গনাকে বাদ দেওয়ায় পেছনে হৃতিকের ভূমিকা আছে দাবী করে এবং তাকে ‘প্রাক্তন প্রেমিক’ বলে মন্তব্য করে সর্বপ্রথম বিষয়টি জন সমক্ষে আনেন কঙ্গনা।
তবে প্রেমের কথা অস্বীকার করে উল্টা কঙ্গনাকে উকিল নোটিশ পাঠান ‘কাবিল’ তারকা হৃতিক রোশান। এরপর থেকেই বিষয়টি দাঁড়ায় নোংরা এক কাদা ছোঁড়াছোঁড়িতে।
শনিবার রজত শর্মা পরিচালিত জনপ্রিয় তারকালাপ অনুষ্ঠান ‘আপ কা আদালত’এ অতিথি হয়ে আসছেন ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সম্প্রতি প্রকাশিত এ অনুষ্ঠানের সংক্ষিপ্ত টিজারে হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।
৪৩ সেকেন্ডের এ ভিডিও’র একটি অংশে কঙ্গনা বলেন, “আমি তাকে অনেক ভালোবাসতাম। তাকে নিয়ে আমি যে কবিতাগুলো লিখেছি সেগুলো জনসমক্ষে সে প্রকাশ করেছে আমাকে অপমান করার জন্য। এর চেয়ে আমার মৃত্যু হলেও ভালো হতো।”
ভিডিও’তে কঙ্গনা আরও বলেন, “তার জন্য আমি অনেক অপমান সহ্য করেছি। মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম। রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি। বাজে আচরণের জন্য আমার কাছে তার ক্ষমা চাওয়া উচিত।”
২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ ছবির সেটে হৃতিকের সঙ্গে কঙ্গনার ঘনিষ্ঠতার গুঞ্জন ওঠে। সেই বছরই স্ত্রী সুসান খানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করায় তাদের প্রেমের খবরটি আরও জোরালো হয়।
১৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনার নতুন সিনেমা ‘সিমরান’। এতে প্রথমবারের মতো এক চোরের ভূমিকায় দেখা যাবে তাকে।
