ফেইসবুকে আব্দুল জব্বারকে নিয়ে তারকাদের শোক
থেমে গেলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক ও খ্যাতিমান সংগীতশিল্পী আব্দুল জব্বারের দরাজ কন্ঠ। ২৯ আগস্ট সকাল ৯টা ১০ মিনিটে পৃথিবী ছেড়ে চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছো কভু’ সহ অসংখ্য সাড়াজাগানো গানের শিল্পী। প্রিয় শিল্পীর মৃত্যুতে শোকাহত তার অগণিত ভক্ত ও শ্রোতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিদায় দাও গো বন্ধু তোমরা’ শিল্পীকে বেদনার্ত হৃদয়ে বিদায় জানালেন তারকারা।
ফেইসবুকে আব্দুল জব্বারের ‘তারা ভরা রাতে’ গানটি শেয়ার দিয়ে ‘আয়নাবাজি’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “কন্ঠ অমলিন, শ্রদ্ধা আর ভালোবাসা। হাজার সালাম শিল্পী আব্দুল জব্বার।”
নাট্য নির্মাতা কৌশিক শঙ্কর দাশ বলেন, “ওরে নীল দরিয়া আমায দে রে দে ছাড়িয়া - কতবার এই গান শুনেছি আর কতবার গেয়েছি, জানি না। আরো লক্ষ কোটি বার শুনবো আর গাইব। আর এভাবে আবদুল জব্বার বেঁচে থাকবেন আমাদের মাঝে আজীবন।”
অভিনেত্রী মৌসুমী নাগ লিখেছেন, “শিল্পী আব্দুল জব্বার মারা গেছেন। ইন্নানিল্লাহি অইন্নাইলিইহি রাজিউন।”
সংগীতশিল্পী ও অভিনেত্রী স্বাগতা প্রিয় শিল্পীর ‘তুমি কি দেখেছো কভু গানটি’ শেয়ার দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী আব্দুল জব্বারকে স্মরণ করেছন ‘ভয়ঙ্কর সুন্দর’ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
আব্দুল জব্বারকে নিয়ে ফেইসবুকে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন শিল্পী ফাহমিদা নবী। আবেগঘন এ পোস্ট তিনি সদস্যপ্রয়াত এ সংগীতশিল্পীর শেষ বয়সের অর্থসঙ্কটের বিষয়টি তুলে ধরেন। পোস্টে তিনি লিখেছেন:
“চলে গেলেন আরেক কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার চাচা। খুবই অসুস্হ ছিলেন। চলে যেতে হবে আমাদের সবাই কেই, কেউ আগে কেউ পরে। কিন্তু একজন যথার্থ শিল্পীর চলে যাওয়াকে কেন্দ্র করে প্রশ্ন বা বেদনা বোধ জেগেই ওঠে! কেন শিল্পীর অবসর সময়ে তাকে বেঁচে থাকা নিয়ে ভাবতে হয়? তার তো পেনশন নাই। সুতরাং ভাবতেই হবে। সংগ্রাম করতেই হয়। কিন্তু তিনি তো অনেক গান দিয়ে মানুষকে জাগ্রত করে রেখেছেন!............চাচার আত্মার মাগফেরাত কামনা করি। তার গানের মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন অগণিত ভক্ত শ্রোতাদের মনের মনিকোঠায়। আল্লাহ চাচাকে জান্নাতবাসী করুন। আমিন।”
